মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দীর্ঘ পথ পাড়ি! ২৮ দিন হেঁটে নবান্নে পৌঁছলেন অন্ধ্রের যুবক
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দীর্ঘ পথ পাড়ি! ২৮ দিন হেঁটে নবান্নে পৌঁছলেন অন্ধ্রের যুবক

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দীর্ঘ পথ পাড়ি! ২৮ দিন হেঁটে নবান্নে পৌঁছলেন অন্ধ্রের যুবক

Bengal Liberty : প্রিয় নেতার প্রতি ভালোবাসা ও আদর্শের টানে কেউ সাইকেলে পাড়ি দেন দীর্ঘ পথ, কেউ আবার মোটরবাইকে ছুটে যান প্রিয় নেতার সঙ্গে দেখা করতে। কিন্তু এই যুবকের উদ্যোগ কিছুটা অন্যরকম। তিন রাজ্যের তিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার লক্ষ্য নিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার পথ হেঁটে বাংলায় হাজির হয়েছেন তিনি। প্রথম গন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ। সেই ইচ্ছা নিয়েই শনিবার নবান্নের সামনে এসে পৌঁছেছেন অন্ধ্রপ্রদেশের ৩৬ বছরের নির্মাণকর্মী শেখর নাইডু।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম থেকে তাঁর এই পদযাত্রা শুরু হয়েছে। প্রায় ২৮ দিন ধরে পায়ে হেঁটে বাংলায় পৌঁছেছেন তিনি। হাতে জাতীয় পতাকা, বুকে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি রয়েছে তাঁর বুকে। এই তিন বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের বক্তব্য জানাতে চান শেখর।

কিন্তু কেন এই দীর্ঘ পদযাত্রা? শেখরের দাবি, দেশের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং উন্নয়নের বার্তা পৌঁছে দিতেই তাঁর এই উদ্যোগ। বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত সুরক্ষার বিষয়ে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাতে তিনি খুশি। তাঁর মতে, দেশের স্বার্থ ও উন্নয়নের কথা ভেবেই বাংলার মানুষ রাজনৈতিক পরিবর্তন এনেছেন। এই পরিবর্তনের জন্য রাজ্যবাসীকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর অসমে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সেখানে হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করতে চান। এরপর উত্তরপ্রদেশে গিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করে নিজের সফর শেষ করতে চান শেখর। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও যোগী আদিত্যনাথকে ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি।

শেখরের কথায়, এই যাত্রার পিছনে কোনও ব্যক্তিগত স্বার্থ নেই। রাজনৈতিক আদর্শ এবং দেশের উন্নয়নের প্রতি বিশ্বাস থেকেই তাঁর এই উদ্যোগ। শ্রীকাকুলমে রয়েছেন তাঁর বাবা-মা, স্ত্রী এবং দুই সন্তান। পরিবারের দায়িত্ব সামলেও প্রায় এক মাস ধরে রাস্তায় হেঁটে চলেছেন তিনি। কখনও মন্দিরের চাতালে, কখনও বাস টার্মিনাসে, আবার কখনও রেলস্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটিয়েছেন। আপাতত একটাই স্বপ্ন শেখরের—মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার দেখা করে নিজের কথা বলা। সেই আশা নিয়েই নবান্নের সামনে অপেক্ষা করছেন শেখর।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।