West Bengal weather forecast
Bengal Liberty: বছর শেষের মুখে হাড় কাঁপানো শীতে জবুথবু বাংলা (Weather Update)। কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে ক্রমাগত নামছে তাপমাত্রার পারদ। উত্তুরে হাওয়ার তীব্রতায় যেসব জায়গায় পারদ খুব নীচে নামেনি, সেখানেও কনকনে ঠান্ডার অনুভূতি স্পষ্ট। তার সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশার চাদর, যা সকাল-সন্ধ্যায় ভোগাচ্ছে জনজীবন।
কী বলছে আবহাওয়া দপ্তর? (Weather Update)
আবহাওয়া দফতর জানিয়েছে, আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে।

দক্ষিণের আবহাওয়া
দক্ষিণবঙ্গে সোমবার সর্বনিম্ন তাপমাত্রার শীর্ষে ছিল বাঁকুড়া। সেখানে পারদ নেমে গিয়েছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এই জেলাতেই। এ ছাড়া আসানসোল, বর্ধমানে তাপমাত্রা ছিল ৯.৫, শ্রীনিকেতন, বহরমপুরে ছিল ১০, মেদিনীপুর, কাঁথি পানাগড়া,পুরুলিয়া, কল্যাণীতে ১১-১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ব্যারাকপুর,দিঘা, কৃষ্ণনগর, উলুবেড়িয়ায় ছিল ১২-১২.৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গে শীত আরও তীব্র। সোমবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৫.৪ ডিগ্রিতে, যা গোটা রাজ্যের মধ্যে সর্বনিম্ন। আলিপুরদুয়ারে পারদ নেমেছিল ৯ ডিগ্রিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশা নিয়ে আলাদা করে সতর্ক করেছে আলিপুর। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে সোমবার ও মঙ্গলবার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সেখানে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে নেমে ৫০ মিটার পর্যন্ত হতে পারে। কোচবিহারের কিছু এলাকায় বিকেলের দিকে কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছতে পারে বলেও জানানো হয়েছে।

কলকাতা
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে—স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম। আগের দিন রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। গত কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরেও ঢুকেছিল। শনিবার মরসুমের শীতলতম দিনে শহরের পারদ ছুঁয়েছিল ১২.৮ ডিগ্রি। যদিও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে।
আগামী সাত দিনে উত্তরবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে পারদ কিছুটা চড়তে পারে। আগামী তিন দিন রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের না হলেও, তার পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস।

