2025 Recap
Bengal Liberty: ২০২৫ সাল ব্যাগ গুছিয়ে তৈরি বিদায় নিতে। বছর বিদায় নিতে চললেও নিঃসন্দেহে রেখে যাচ্ছে অসংখ্য সুন্দর মূহুর্তের প্রতিচ্ছবি। ২০২৫ ছিল একটা অনুভূতির বছর। কেন বলছি? ২০২৫- এর কথা মনে করলে কেবল ক্যালেন্ডারের তারিখ বা বড় কোনো ঘটনার কথা চোখে ভাসে না। ভেসে ওঠে সেই সব মুহুর্তের কথা যখন রিল স্ক্রল করতে গিয়েও আঙুল থেমে যেতে বাধ্য হয়েছে। একটা নাচের স্টেপ, একটা অবিশ্বাস্য জয়, একটা ফ্যাশন লুক অথবা একটা কনসার্ট ক্লিপ যেটা আপনার অজান্তেই আপনি ১৭ বার দেখে নিয়েছেন (2025 Recap)।
সিনেমা রাতারাতি মিমে পরিনত হয়েছিল। শুধুই কি সিনেমা! খেলাধুলা, রাজনীতি থেকে সঙ্গীত—সবকিছুই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। কখনও হাসি, কখনও আবেগ, কখনও বিতর্ক—এই সবকিছু মিলিয়েই ২০২৫ হয়ে উঠেছে এক্কেবারে আলাদা। বছর শেষের আগে এক নজরে ফিরে যাওয়া যাক সেই ভাইরাল মুহূর্তগুলিতে, যেগুলো সত্যিই ইন্টারনেট কাঁপিয়েছিল।
‘ধুরন্ধর’-এ অক্ষয় খান্নার ‘FA9LA’ হুকস্টেপ: অপ্রত্যাশিত আইকন (2025 Recap)
কেউই আসলে প্রস্তুত ছিল না—আর সেখানেই বাজিমাত! ধুরন্ধর ছবিতে অক্ষয় খান্নার উপস্থিতি যে এত বড় আলোচনার বিষয় হবে, তা আর কে ভেবেছিল!ফ্লিপ্পেরাচির ‘FA9LA’ গানে রেহমান ডাকাইতের এন্ট্রি সিন ভাইরাল হয় দ্রুত।
নাচে কোনও বাড়াবাড়ি নেই, তবু আত্মবিশ্বাসে ভরা সেই স্টেপ দর্শকদের মন জিতে নেয়। কলেজ পড়ুয়া থেকে ইনফ্লুয়েন্সার—সবাই ইনস্টাগ্রাম রিলে সেই স্টেপে হাত পাকাতে ব্যস্ত। আশ্চর্যজনকভাবে, গোটা ইন্টারনেট একমত হয় এই নাচের স্টেপে— সকলের মুখে একটাই কথা, ‘দুর্দান্ত’।
মেট গালায় শাহরুখ খান: কিং-এর রাজকীয় অভিষেক (2025 Recap)
বছরের পর বছর ধরে অপেক্ষার পর অবশেষে ২০২৫ সালে মেট গালায় হাঁটলেন শাহরুখ খান।
সব্যসাচীর তৈরি পোশাকে, তাসমানিয়ান উলের কোট ও বেঙ্গল টাইগারের মাথার বেতের অলংকার—সব মিলিয়ে কিং খান যেন নিজের রাজ্যেই প্রবেশ করলেন। আর সেই চিরচেনা খোলা হাতের পোজ! ব্যস, সোশ্যাল মিডিয়া তখন সামলানো দুষ্কর। ফ্যাশন আর ফ্যান দুনিয়ায় তখন একটাই আলোচনা—কিং খান।
লিওনেল মেসির GOAT ভারত সফর: স্বপ্ন ছুঁয়ে যায় বাস্তবকে (2025 Recap)
বছরের শেষে ফুটবলপ্রেমীরা পেলেন এমন এক উপহার, যেটা এতদিন গল্পের মতো শোনাত। লিওনেল মেসি এলেন ভারতে—GOAT ইন্ডিয়া ট্যুর ২০২৫-এ। ২০১১ সালের পর দ্বিতীয়বার।
কলকাতা থেকে মুম্বই, হায়দ্রাবাদ ও দিল্লি—সব জায়গাতেই উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিছু জায়গায় সমস্যা থাকলেও, মেসির লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলের সঙ্গে উপস্থিতি ভক্তদের কাছে স্বপ্নের মতোই ছিল। ইন্টারনেট জুড়ে ভক্তদের একটাই প্রশ্ন ছিল – এটা সত্যি হচ্ছে!
‘Ee Sala Cup Namdu’—অবশেষে বাস্তব (2025 Recap)
১৮ বছরের অপেক্ষা। অসংখ্য মিম। অগণিত দীর্ঘশ্বাস। ২০২৫ সালে সেই সবকিছুর অবসান ঘটাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
প্রথম আইপিএল ট্রফি হাতে তুলে নিল RCB। বিরাট কোহলির মাঠে ভেঙে পড়া দৃশ্য শুধু একটি জয়ের মুহূর্ত ছিল না—এটা ছিল বছরের পর বছর ধরে জমে থাকা আবেগের বিস্ফোরণ। একসময়ের রসিকতা অবশেষে বাস্তবে রূপ নিল। ইন্টারনেট জুড়ে তখন শুধু উৎসব আর স্বস্তি।
জোহরান মামদানির ‘ধুম মাচালে’ বিদায়: রাজনীতিতে পপ কালচারের ছোঁয়া (2025 Recap)
রাজনীতি খুব কমই এমন আনন্দের কারণে ভাইরাল হয়। কিন্তু জোহরান মামদানির ক্ষেত্রে ব্যতিক্রম। নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয়-আমেরিকান মেয়র হিসেবে জোহরান মামদানির জয় ছিল ঐতিহাসিক। তবে ভাইরাল হয় তাঁর বিদায় মুহূর্তটি।
মঞ্চ ছাড়ার সময় পেছনে বাজছিল ‘ধুম মাচালে’। রাজনীতি ও বলিউডের এই অপ্রত্যাশিত মেলবন্ধন ইন্টারনেটে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। মিম ও এডিটে ভরে যায় সোশ্যাল মিডিয়া। তাঁর এই ভাইরাল ভিডিওতে বার্তা ছিল একটাই স্টাইল ম্যাটার্স (Style Matters)।
“এটাকে ঘিবলি আর্টে পরিণত করো”: এআই ট্রেন্ডের দাপট (2025 Recap)
২০২৫ সালে এআই-চালিত ঘিবলি আর্ট ট্রেন্ড কার্যত ইন্টারনেট দখল করে নিয়েছিল। সেলফি, পোষ্য, বিয়ে—সব ছবি রূপান্তরিত হচ্ছিল স্বপ্নিল অ্যানিমেশনে।
শিল্প ও নৈতিকতা নিয়ে বিতর্ক চললেও, কয়েক সপ্তাহ ধরে এই ট্রেন্ড ছিল সর্বত্র। একটি বাক্যই তখন কানে বেজেছে—“এটাকে ঘিবলি করে দাও।”
কোল্ডপ্লে কিস ক্যাম বিতর্ক: কনসার্ট থেকে ইন্টারনেট ট্রায়াল (2025 Recap)
যা শুরু হয়েছিল এক মিষ্টি কনসার্ট মুহূর্ত হিসেবে, তা দ্রুত পরিণত হয় ইন্টারনেট নাটকে। কোল্ডপ্লের কনসার্টে কিস ক্যামে ধরা পড়া একটি মুহূর্ত দ্রুত বিতর্কের রূপ নেয়। ক্রিস মার্টিনের মজার মন্তব্যের পর ইন্টারনেট গোয়েন্দারা সক্রিয় হয়ে ওঠে মুহূর্তের মধ্যে।
ইন্টারনেট গোয়েন্দারা খুঁজে বের করেন ওই দম্পতির পরিচয়। তারপর? মিম, ক্ষোভ আর বিশ্লেষণে ভরে যায় টাইমলাইন।
২০২৫ আমাদের একটা সহজ সত্য শিখিয়ে যাচ্ছে—ভাইরাল হতে খুব বেশি কিছু লাগে না। একটা ক্লিপ, একটা স্টেপ, একটা আলিঙ্গন হতে পারে বা একটা গানের লাইনই যথেষ্ট। বছরটা শেষ হচ্ছে ঠিকই, কিন্তু একটা বিষয় নিশ্চিত—ইন্টারনেট শুধু ২০২৫ দেখেনি। ইন্টারনেটই ২০২৫-কে মনে রাখার মতো করে রাখবে (2025 Recap)।
