Suvendu Adhikari
Bengal Liberty: পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের অনলবেড়িয়া গ্রামে ভয়াবহ সন্ত্রাসের অভিযোগ উঠল। বিজেপির দাবি, সোমবার রাত আটটার পর অর্জুননগর এলাকা ও বাইরে থেকে আসা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের একটি দল পরিকল্পিতভাবে স্থানীয় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায়।
তৃণমূলের বিরূদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন, রেনুকা বেরা, বিভাস প্রধান, রঞ্জিত আড়োই, প্রদীপ আড়োই-সহ একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। শুধু তাই নয়, হামলাকারীরা মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টাও করে বলে অভিযোগ। বিজেপির দাবি, এই ঘটনায় প্রায় ৫০–৬০ জন তৃণমূল-আশ্রিত দুষ্কৃতী জড়িত ছিল।
কেন এই হামলা?
শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিজেপি কর্মীদের ‘অপরাধ’ নিজেদের এলাকায় দলীয় পতাকা লাগানো এবং রাজনৈতিক কর্মসূচি পালন করা। ঘটনার পর পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি বিজেপির।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করছে বিজেপি। শুভেন্দু অধিকারীর বক্তব্য,নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় তৃণমূল গ্রামেগঞ্জে বিজেপি কর্মীদের ভয় দেখানো ও আক্রমণের পথ বেছে নিয়েছে। তবে এই ধরনের সন্ত্রাস রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলাতে পারবে না বলেই তিনি মন্তব্য করেন।
পোস্টে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় প্রশাসনের কাছে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে, হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রশাসন নীরব থাকে, তাহলে এই ঘটনার প্রতিবাদে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এই ঘটনায় ফের একবার রাজ্যে রাজনৈতিক হিংসা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে বলে মত রাজনৈতিক মহলের।
