Arijit Singh New Song
Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা:
বছরের শুরুতেই সংগীতপ্রেমীদের জন্য অপ্রত্যাশিত ধাক্কা। ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠ অরিজিৎ সিং(Arijit Singh) জানিয়ে দিলেন, সিনেমার জন্য আর নতুন করে গান গাইবেন না। তাঁর এই সিদ্ধান্ত সামনে আসতেই প্রশ্নের মুখে পড়ে গেল বলিউড ও বাংলা দুই ইন্ডাস্ট্রিই
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অরিজিৎ লেখেন, দীর্ঘদিন ধরে শ্রোতাদের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তবে এখন থেকে প্লেব্যাক শিল্পী হিসেবে আর কোনও নতুন কাজ গ্রহণ করবেন না বলেই স্পষ্ট করে দেন তিনি। তাঁর কথায়, এই যাত্রা ছিল স্মরণীয়, কিন্তু এখানেই থামতে চান তিনি।

তবে গায়ক স্পষ্ট করে দিয়েছেন(Arijit Singh)
এটি সংগীতজগৎ থেকে বিদায় নয়। বরং নিজের মতো করে গান শেখা, নতুন ভাবনায় কাজ করা এবং সৃজনশীলভাবে নিজেকে আরও সমৃদ্ধ করাই এখন তাঁর লক্ষ্য। ইতিমধ্যেই কিছু পুরনো প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, আগামী বছরে তাঁর কিছু গান প্রকাশ পেতেও পারে।
অরিজিতের এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে আবেগের ঢেউ। কেউ বিস্মিত, কেউ চিন্তিত, আবার অনেকেই মনে করছেন নিরন্তর কটাক্ষ, ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ ও বডি শেমিংয়ের চাপ থেকেই হয়তো এই বিরতির সিদ্ধান্ত। উল্লেখ্য, অরিজিৎ নিজে আগেও একাধিক সাক্ষাৎকারে একাকিত্ব ও মানসিক চাপের কথা স্বীকার করেছেন।

২০১৩ সালে ‘আশিকি ২’-এর গান তাঁকে এনে দেয় সর্বভারতীয় জনপ্রিয়তা। তার আগে বাংলায় ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়েই তিনি শ্রোতাদের মন জয় করেছিলেন। এরপর একের পর এক হিট গানে অরিজিৎ হয়ে ওঠেন আবেগের কণ্ঠস্বর। দু’বার জাতীয় পুরস্কার পাওয়া এই শিল্পীর প্লেব্যাক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে সংগীত দুনিয়ায় বড় শূন্যতা তৈরি করবে।
তবে ভক্তদের বিশ্বাস, এই বিরতি শেষ কথা নয়। নতুন পথে হেঁটে, নতুন রূপে আবারও শ্রোতাদের সামনে ফিরবেন অরিজিৎ সিং শুধু সময়ের অপেক্ষা।

