Bengal Liberty : আন্তর্জাতিক মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কেনিয়ার পুলিশ। সম্প্রতি কেনিয়ার উপকূলবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৫৪ কেজি ক্রিস্টাল মেথ বা মেথামফেটামিন উদ্ধার করল সে দেশের নিরাপত্তা বাহিনী। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৪০ কোটি টাকারও বেশি।
সূত্রের খবর, গত শনিবার কেনিয়ার উপকূলবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়। তানজানিয়ার নিরাপত্তা বাহিনীর কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতেই অভিযানে নামে কেনিয়ার মাদকবিরোধী বিভাগ। তানজানিয়ায় মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারের পর তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরেই কেনিয়ার পুলিশ এই বিপুল পরিমাণ মাদকের সন্ধান পায়।
এই ঘটনায় দুই তানজানিয়ার নাগরিক এবং একজন উগান্ডার নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত সন্দেহে দুটি গাড়ি এবং একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও খবর
কেনিয়ার অপরাধ তদন্ত বিভাগের (DCI) প্রধান মহম্মদ আমিন এই অভিযানকে একটি বড়সড় সাফল্য বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, আন্তর্জাতিক মাদক পাচারচক্রের বিরুদ্ধে লড়াইয়ে গোয়েন্দা তথ্যের আদানপ্রদান এবং প্রতিবেশী দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ভারত মহাসাগরের পাশে কৌশলগত অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মাদক পাচারকারীদের ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কেনিয়া।
তবে সাম্প্রতিক সময়ে মাদক পাচার রুখতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সে দেশের প্রশাসন। গত বছরও প্রায় ১,০৩৬ কেজি মেথামফেটামিন উদ্ধার করেছিল কেনিয়ার নিরাপত্তা বাহিনী।
এবার ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় আন্তর্জাতিক মাদক পাচারচক্রের বিরুদ্ধে কেনিয়ার অভিযান যে আরও জোরদার হচ্ছে, তা বলাই বাহুল্য। তবে উদ্ধার হওয়া মাদকের রাসায়নিক পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট এবং পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত এখনও চলছে।


