Tunisia Protest
Tunisia Protest

দূষণের বিরুদ্ধে প্রতিবাদ করাই অপরাধ! তিউনিসিয়ায় জেলের সাজা ১০ পরিবেশকর্মীর

Bengal Liberty : দূষণের বিরুদ্ধে প্রতিবাদে নেমে এবার জেলের সাজা ১০ পরিবেশকর্মীর। তিউনিসিয়ার দক্ষিণ উপকূলীয় শহর গাবেসে একটি রাসায়নিক কারখানার দূষণের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার জেরেই এই সাজা শোনাল আদালত। ঘটনায় নতুন করে বিতর্কের মুখে তিউনিসিয়ার প্রশাসন ও বিচারব্যবস্থা।

২০২০ সালের আন্দোলন ঘিরেই মামলা

জানা গিয়েছে, ২০২০ সালে গাবেসের একটি ফসফেট প্রক্রিয়াকরণ কারখানার দূষণের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিলেন ওই পরিবেশকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কারখানার দূষণের জেরে শারীরিক সমস্যা ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। সেই পরিস্থিতিতে সুস্থ পরিবেশে বাঁচার অধিকার এবং দূষণ নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলনে নামেন তাঁরা।

অভিযোগ, ওই বিক্ষোভের জেরে রাষ্ট্রায়ত্ত তিউনিসিয়ান কেমিক্যাল গ্রুপের তরফে মামলা দায়ের করা হয়। কারখানার কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগ আনা হয় আন্দোলনকারীদের বিরুদ্ধে।

প্রতিরক্ষা আইনজীবী হামিদা চাইবের বক্তব্য অনুযায়ী, ১০ জন পরিবেশকর্মীর মধ্যে ৮ জনকে ছ’মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও সেই সাজা স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে, বাকি দু’জনকে এক বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত আন্দোলনকারীরা এর আগে গ্রেফতার হলেও পরে মুক্তি পেয়েছিলেন। তাঁদের ধারণা ছিল, মামলা হয়তো আর এগোবে না। কিন্তু পরে তাঁরা জানতে পারেন, ২০২৩ সালে তাঁদের অনুপস্থিতিতেই সাজা ঘোষণা করা হয়েছিল। এরপর মামলার পুনর্বিচার হয়।

অন্যদিকে, তিউনিসিয়ার অর্থনীতিতে ফসফেট শিল্প গুরুত্বপূর্ণ হওয়ায় উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও করছে সরকার। ২০৩০ সালের মধ্যে ফসফেট উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। ফলে একদিকে অর্থনৈতিক স্বার্থ, অন্যদিকে পরিবেশ ও জনস্বাস্থ্যের প্রশ্ন—এই দুইয়ের সংঘাতেই নতুন করে উত্তপ্ত গাবেস। আর দূষণের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া পরিবেশকর্মীদের সাজা ঘিরে বাড়ছে বিতর্ক।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।