KING
জন্মদিনের আগেই নয়া কৃতিত্ব শাহরুখ অভিনীত ‘কিং’ ছবির!

জন্মদিনের আগেই নয়া কৃতিত্ব শাহরুখ অভিনীত ‘কিং’ ছবির!

Bengal Liberty : মুক্তির আগেই নয়া কৃতিত্বের নজির গড়ল সুপারস্টার শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’। ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আগেই রেকর্ড দামে বিক্রি হয়ে গেল ছবিটির বিদেশি অঞ্চলের স্বত্ব। ১৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছে ‘কিং’-এর থিয়েট্রিক্যাল রাইটস। এর আগে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছিল ১৫৭ কোটি টাকায়। প্রায় তিন বছর পর ফের বক্স অফিসে নিজের জাদু দেখাতে ফিরছেন শাহরুখ খান। আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-কে পিছনে ফেলে এবার শীর্ষে কিং খান!

অন্যদিকে, রাত পোহালেই শাহরুখের জন্মদিন। জন্মদিনের আগেই সেজে উঠেছে মহানগরী মুম্বই। শহরের বিভিন্ন প্রান্তে এখন শুধুই শাহরুখের ছবি ও তাঁকে ঘিরে উন্মাদনা। সেই সঙ্গে মান্নাতে বসানো হয়েছে বিশাল জায়ান্ট স্ক্রিন। সেখানেই ‘কিং’ ছবির টিজার ও প্রথম গান দেখানো হবে। এবার সেই টিজার ও গান সিনেপ্রেমী এবং শাহরুখ-অনুরাগীদের কতটা মন জয় করতে পারে, সেটাই দেখার।

কেন শাহরুখ আজও সেরা?

১৯৯২ সালে সুপারহিট ছবি ‘দিওয়ানা’র মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন শাহরুখ খান। তার আগে ছোট পর্দায় ‘ফৌজি’, ‘সার্কাস’ এবং কেতন মেহতার ‘আহমক’-এর মতো কাজের মাধ্যমে ধীরে ধীরে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বড় পর্দায় পা রাখার পর একের পর এক ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন শাহরুখ। যে ধরনের চরিত্র ও ছবিতে অভিনয় করতে অনেক অভিনেতাই দ্বিধা বোধ করতেন, সেই সাহসী নির্বাচনই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

‘ডর’, ‘বাজিগর’, ‘দিল সে’, ‘পরদেশ’-এর মতো ছবির পাশাপাশি একেবারে ভিন্ন স্বাদের ‘হে রাম’, ‘স্বদেশ’ কিংবা ‘চাক দে! ইন্ডিয়া’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। এমনকী, ‘রা.ওয়ান’-এর মতো ব্যয়বহুল ছবিতেও নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন। বারবার চেনা ছকের বাইরে গিয়ে নিজের অভিনয়জীবনে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করেছেন কিং খান।

একসময় পরপর কয়েকটি ছবি প্রত্যাশিত সাফল্য না পেলেও ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র মাধ্যমে নতুন উদ্যমে ফিরে আসেন শাহরুখ। এবার মেয়ে সুহানা খানের সঙ্গে একই ছবিতে দেখা যাবে তাঁকে। ফলে ‘কিং’ ঘিরে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। প্রশ্ন একটাই, ফের কি বক্স অফিসে নিজের আধিপত্য বজায় রাখতে পারবেন শাহরুখ? কারণ, বর্তমান সময়ে কোনও ছবি বক্স অফিসে কতটা সাফল্য পাবে, তা আগে থেকে অনুমান করা কার্যত কঠিন। সব মিলিয়ে ‘কিং’-এর ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।