Bengal Liberty : ফের বলিউডে ইন্দ্রপতন! প্রয়াত জনপ্রিয় পরিচালক ও চিত্রনাট্যকার সঞ্জয় গুপ্ত। মাত্র ৫৭ বছর বয়সেই আচমকা থেমে গেল তাঁর জীবন। সূত্রের খবর, গত ৩০ অক্টোবর রাতে নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান পরিচালক। সেই আঘাতের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পরিচালক অশোক পণ্ডিতও সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন। তবে তাঁর মৃত্যুর পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।
‘কাঁটে’, ‘কাবিল’-এর মতো ছবিতে ছাপ রেখেছেন সঞ্জয়
১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ ছবির মাধ্যমে পরিচালনার জগতে পা রাখেন সঞ্জয় গুপ্ত। এরপর একের পর এক ছবিতে নিজের পরিচালনাদক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ‘কাঁটে’, ‘মুসাফির’, ‘জিন্দা’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘কাবিল’ এবং ‘মুম্বই সাগা’-র মতো ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর নাম। বিশেষ করে ক্রাইম থ্রিলার এবং মুম্বইয়ের অপরাধজগতের গল্প পর্দায় তুলে ধরার ক্ষেত্রে তাঁর নিজস্ব পরিচালনাশৈলী দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছিল।
সঞ্জয় দত্ত ও সঞ্জয় গুপ্তের যুগলবন্দি, পরবর্তীতে মনোমালিন্য
সঞ্জয় দত্ত ও সঞ্জয় গুপ্ত—দুই সঞ্জয় মিলে বলিউডকে উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় ছবি। ‘আতিশ: ফিল দ্য ফায়ার’, ‘কাঁটে’, ‘মুসাফির’ এবং ‘জিন্দা’র মতো ছবির হাত ধরেই এই সফল জুটি সিনেপ্রেমীদের মন জয় করেছিল। সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবরে সঞ্জয় দত্ত-সহ গোটা বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। তবে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করলেও পরবর্তীকালে দুই বন্ধুর সম্পর্কে ফাটল ধরে। ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির সময় বেশ কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল বলে জানা যায়। শেষ পর্যন্ত সেই দূরত্ব আর মেটেনি।
আরও খবর
হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’ ছবির সাফল্যের পর তার দ্বিতীয় পর্ব নিয়েও আলোচনা শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই ছবির কাজ আর শুরু হয়নি। সঞ্জয় গুপ্তের প্রয়াণে হিন্দি সিনেমার জগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা।
নিজের স্বতন্ত্র গল্প বলার ধরন, অ্যাকশন দৃশ্যের উপস্থাপনা এবং সিনেমার প্রতি গভীর ভালোবাসার জন্য দর্শকদের মনে দীর্ঘদিন জায়গা করে থাকবেন এই পরিচালক।


