Bengal Liberty : ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম আমরা প্রায় সকলেই জানি। এবার তাঁর জীবন কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ হতে চলেছে। নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত চলচ্চিত্র নির্মাতা মধুর ভাণ্ডারকর। তাঁর আসন্ন ছবি ‘দ্য ওয়াইভস অফ বলিউড’-এর কাজ শেষে পরবর্তী প্রকল্পে শ্যামাপ্রসাদের জীবনকাহিনি নিয়ে বড় পর্দায় তাঁর সৃজনশীলতার ছাপ রাখতে প্রস্তুত। জানা গিয়েছে, এই চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছেন আদিত্য কুমার হালওয়াসিয়া। যৌথভাবে প্রযোজনা করছে ‘ভাণ্ডারকর এন্টারটেইনমেন্ট’ এবং ‘একেএইচ ভেঞ্চারস’। ‘শ্যামা – দ্য মিসিং চ্যাপ্টার’ শিরোনামের এই চলচ্চিত্রটির মাধ্যমে শ্যামাপ্রসাদের জীবন ও তাঁর আদর্শকে বড় পর্দায় তুলে ধরা হবে।
এ বিষয়ে জেনে রাখা ভালো, একজন পণ্ডিত, রাষ্ট্রনায়ক এবং জাতীয় ঐক্যের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ডক্টর মুখোপাধ্যায় ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে তাঁর কর্মজীবনের শুরু। এরপর একে একে উন্নতির ধাপ পেরিয়েছেন তিনি। কর্মজীবনের শুরু থেকে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় জওহরলাল নেহরুর সহকর্মী হওয়া পর্যন্ত—তাঁর পুরো যাত্রাপথ ছিল দৃঢ় বিশ্বাস, সাহস এবং কঠিন সব রাজনৈতিক সিদ্ধান্তের এক অনন্য দৃষ্টান্ত।
এটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, বরং ভারতের অতীতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন করে দেখার সুযোগ। ‘শ্যামা’ চলচ্চিত্রটি নির্মাণের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে, ঐতিহ্যকে ধারণ করতে এবং সেই মূল্যবোধগুলো বুঝতে অনুপ্রাণিত করা, যা আমাদের জাতির ভবিষ্যৎ গঠনে সহায়তা করে,”। এমনটাই জানিয়েছেন প্রযোজক আদিত্য কুমার হালওয়াসিয়া।
আরও খবর
অন্যদিকে পরিচালক মধুর ভাণ্ডারকর বলেন, “একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রথমবারের মতো ড. শ্যামা প্রসাদ মুখার্জির জীবন নিয়ে কাজ করাটা একটি বড় চ্যালেঞ্জ ও কঠিন দায়িত্ব। এর মাধ্যমে তিনি ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে পর্দায় ফুটিয়ে তুলতে চান বলে জানিয়েছেন। আগামী বছর এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।


