Bengal Liberty : টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনার পর বলিউডে ছড়িয়েছে আতঙ্ক। তারকাদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, মুম্বইয়ের খার এলাকায় রণবীর কপূরের বাড়িতেও নজরদারি চালিয়েছিল অভিযুক্তেরা। বাড়ির আশপাশে ‘রেকি’ করার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগীরা। বর্তমানে ‘রামায়ণ’ ছবির প্রচারে ব্যস্ত রণবীরের নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠছে। ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ৭
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ধৃত চার জনের নাম কুণাল (২১), সুমিত (১৯), রাধা (২৩) এবং ববিতা (২৩)। দিল্লি ও সোনিপত এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, হামলাকারীদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁদের। চার জনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মহারাষ্ট্র পুলিশ। এর আগে কোটা থেকে ধৃত তিন জনও মুম্বই পুলিশের হেফাজতে রয়েছেন। ডিসিপি প্রবীণকুমার ত্রিপাঠীর দাবি, অভিযুক্ত কুণাল সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। এক বন্ধুর মাধ্যমে তাঁর পরিচয় হয় বিশ্নোই গ্যাংয়ের সদস্য অনিলের সঙ্গে। অনিলের নির্দেশেই অমৃতসর থেকে পিস্তল ও ২০ রাউন্ড গুলি সংগ্রহ করেন কুণাল।
এর পর অস্ত্র মুম্বইয়ে নিয়ে যাওয়ার জন্য রাধাকে রাজি করান তিনি। মাস দুয়েক আগে তাঁদের পরিচয় হয়েছিল। ১৫ অক্টোবর রাধা ও তাঁর বান্ধবী ববিতাকে নিয়ে নয়াদিল্লি স্টেশনে পৌঁছোন কুণাল। রাধার ব্যাগে রাখা ছিল পিস্তলটি। ১৭ অক্টোবর তাঁরা মুম্বইয়ের দাদর স্টেশনে নামেন। গোটা সময় কুণাল একটি নির্দিষ্ট এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।


