Bengal Liberty : শাহরুখ মানেই প্রেম, শাহরুখ মানেই ভালো লাগা, শাহরুখ মানেই এক টুকরো ভালোবাসা। সেই সমস্ত অনুভূতিকে আরও দ্বিগুণ করতে কিং খানের ৬১তম জন্মদিনে, ২ নভেম্বর ঠিক রাত ১২টায় মুক্তি পেল ‘কিং’ ছবির বহুপ্রতীক্ষিত গান ‘টু মিল জায়ে’।
সুন্দর, মধুর ও চোখধাঁধানো বিদেশি লোকেশনে ফের চেনা ছন্দে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন তাঁর সৌভাগ্যের চাবিকাঠি দীপিকা পাড়ুকোন। পাশাপাশি শচীন-জিগারের সুরের জাদু এবং গানের কথায় কলমের মুন্সিয়ানা দেখিয়েছেন কুমার। গানটির অন্যতম বড় আকর্ষণ, মেলোডি কিং অরিজিৎ সিংয়ের সঙ্গে আবারও দেখা যাচ্ছে আন্তর্জাতিক পপ তারকা এড শিরানকে। ‘স্যাফায়ার’-এর সাফল্যের পর ফের একবার অরিজিৎ-এড শিরানের যুগলবন্দি গানটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা বাড়িয়েছে।
শুধু গান নয়, এর মধ্যেই ছবির প্রেক্ষাপটও আলাদা মাত্রা পেয়েছে। গানের শুরুতেই শোনা যাচ্ছে শাহরুখের সেই পরিচিত সংলাপ, ‘ম্যায় আশিক নেহি, কাতিল হুঁ’। এরপর গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে শাহরুখ ও দীপিকার সুপারহিট জুটির রসায়নের পাশাপাশি এগিয়েছে ছবির গল্পও। মুক্তির পর থেকেই গানটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। এখনও পর্যন্ত গানটির ভিউ ৯.৩ কোটি ছাড়িয়েছে। পাশাপাশি জনপ্রিয়তার নিরিখে প্রথম দশের মধ্যে অষ্টম স্থানে উঠে এসেছে ‘টু মিল জায়ে’।
আরও খবর

অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। তারপরই বড় পর্দায় অ্যাকশন অবতারে দেখা যাবে কিং খানকে। ২৪ ডিসেম্বর ‘কিং’ মুক্তির সঙ্গে সঙ্গেই প্রথমবারের জন্য বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও তাঁর কন্যা সুহানা খানকে।
তবে এখানেই শেষ নয়, থাকছে আরও চমক। শোনা যাচ্ছে, ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে। একাধিক চমক নিয়ে মুক্তির অপেক্ষায় ‘কিং’। এবার দেখার, আগের মতোই কি বক্স অফিসে ঝড় তুলবে শাহরুখের এই ছবি? নাকি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডুন পার্ট ৩’-এর সামনে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে ‘কিং’? হলিউড বনাম শাহরুখ খানের বক্স অফিসের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? এই প্রশ্ন ঘিরেই এখন উদ্দীপনা সিনেপ্রেমীদের মধ্যে।


