BSF
BSF

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগ, বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি

Bengal Liberty : ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে খবর। শনিবার সকালে বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পাশাপাশি, এক ভারতীয় নাগরিকের উপর হামলার অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে সতর্কতা বাড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার, ১০ অক্টোবর, সকাল সাড়ে ৯টা নাগাদ জামালপুর সীমান্তে ঘটনাটি ঘটে। অভিযোগ, জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ প্রবেশ করেছিলেন সাহাজুল (৪০) নামে এক বাংলাদেশি নাগরিক। সেখানে ঘাস কাটার সময় ১৪৬ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি পাড়া ক্যাম্পের টহলদল তাঁকে লক্ষ্য করে ছররা গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত আঘাত পেয়েছেন ওই ব্যক্তি।

BSF

এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে আরও দাবি, এর পরেই বিদ্বান বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিকের উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হয়েছেন বলে অভিযোগ। তবে এই হামলার সঙ্গে সীমান্তে গুলি চালানোর ঘটনার সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।এছাড়া কাজল ঘোষ নামে আরও এক ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয় বাসিন্দারা বিজিবির হাতে তুলে দিয়েছেন বলে খবর। যদিও তাঁর আটকের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি।

ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় দুই পক্ষের তরফেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এলাকায় লাল পতাকা উত্তোলন করা হয়েছে। বিএসএফ জওয়ানদেরও সীমান্তে কড়া নজরদারি চালাতে দেখা গিয়েছে। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তা বজায় রাখতে বিজিবির তরফেও তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্তে পরপর এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। তবে ঘটনার বিষয়ে বিএসএফ ও বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলে সংঘর্ষের প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট অভিযোগগুলির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

Pushpak Bhattacharya
Pushpak Bhattacharya

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।