Bengal Liberty : সৌদি আরবে বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি-সহ সাতটি হামলা চালানোর দাবি ইয়েমেনের হুতি গোষ্ঠী। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি। শনিবার (২৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি এই হামলার কথা জানিয়েছে।
হুতিদের দাবি, তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, ইয়ানবুতে আরামকোর স্থাপনা, রাবিগ তেল শোধনাগার এবং পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও পাম্পিং স্টেশন, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটি। এছাড়া পাইপলাইন ও পাম্পিং স্টেশন লক্ষ্য করে চালানো তাদের অভিযান সফল হয়েছে। এমনটাই বলে দাবি করেছে গোষ্ঠীটি।
এদিকে সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, একই দিন মক্কা ও মদিনা অঞ্চলের দিকে হুতিরা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সেই দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মক্কার ওয়াদি আল মুগাম্মাস এলাকা-সহ সৌদি আরবের কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষের খণ্ড জেদ্দার আল নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের মাস্তুরাহ সেন্টারে গিয়েও পড়েছে।
আরও খবর
সূত্রের খবর, যদিও মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, তাদের অভিযান সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই করা হয়েছে।
এই হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কিছু নিশ্চিত করেনি। এমনকী, হুতিদের দাবি করা সাতটি হামলার সব লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে কি না, তা নিয়েও নিশ্চিত হওয়া যায়নি।


