Bengal Liberty
চেতলার একটি বেসরকারি ব্যাঙ্কে গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে এবং জাল চেকের মাধ্যমে ফিক্সড ডিপোজিটের টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠল ব্যাঙ্কের এক আধিকারিকের বিরুদ্ধে (Bank Manager Arrest)। উত্তরপ্রদেশের বলিয়া থেকে ঘটনায় অভিযুক্ত ব্যাঙ্ক আধিকারিক মমতা কুমারিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার পর সোমবার তাঁকে আলিপুরের আদালতে হাজির করানো হবে।

৭.৮০ লক্ষ টাকার প্রতারণা
পুলিশ সূত্রে খবর, চেতলা থানায় ২০২৩ সালের ২৬ ডিসেম্বরে এই ঘটনার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ICICI ব্যাঙ্কের চেতলা শাখার তৎকালীন ব্রাঞ্চ ম্যানেজার অঙ্কিত কাটুরিয়া অভিযোগটি দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, তৎকালীন সময় ব্যাঙ্কে ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন মমতা কুমারি। পুলিশের অভিযোগ, অভিযুক্ত আধিকারিক এক গ্রাহকের ক্রেডিট কার্ড প্রতারণার মাধ্যমে সংগ্রহ করে তা ব্যবহার করে প্রায় ১ লক্ষ টাকার কেনাকাটা করেন। পাশাপাশি, গ্রাহকের ফিক্সড ডিপোজিট থেকে আরও ৬ লক্ষ ৮০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, জাল স্বাক্ষর করে চেক তৈরি করে ওই টাকা আত্মসাৎ করা হয়েছিল। হিসেব অনুযায়ী, প্রায় ৭ লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত মমতা কুমারির বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ষড়যন্ত্র এবং বিশ্বাসভঙ্গ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আধিকারিক
তদন্তের খাতে সূত্র ধরে উত্তরপ্রদেশ পৌঁছায় কলকাতা পুলিশের একটি দল। ৮ অগাস্ট সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ বলিয়ার আনন্দনগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর ওই দিনই বলিয়ার সিজেএম আদালতে তাঁকে পেশ করে কলকাতায় নিয়ে আসার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। পুলিশের দাবি, অভিযুক্ত অভিযোগকারীর অর্থ প্রতারণা ও আত্মসাৎ করেছেন।নিজের সরকারি পদমর্যাদার সুযোগ নিয়ে ব্যাঙ্কের টাকা আত্মসাৎ এবং জাল চেককে আসল হিসেবে ব্যবহার করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। মামলায় ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ৪০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরও খবর


ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে কলকাতায় নিয়ে এসেছে পুলিশ। সোমবার তাঁকে আলিপুরের সিজেএম আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। প্রতারণার টাকা উদ্ধার এবং ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে চেতলা থানার পুলিশ।


