Gyanesh Vs Mamata TMC
Gyanesh Vs Mamata TMC

নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মমতার তৃণমূল, নিশানায় জ্ঞানেশ কুমার

Bengal Liberty : নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে এই মামলায়। তৃণমূলের হয়ে মামলাটি দায়ের করেছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। জ্ঞানেশ কুমারের পাশাপাশি নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীকেও মামলায় যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন মেনে নিয়োগ করা হয়নি—এই অভিযোগে এর আগেও সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সুরি পায়ালা নামে এক ব্যক্তি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

ওই মামলায় অভিযোগ করা হয়েছিল, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২৩ অনুযায়ী, নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটির প্রতিটি শূন্যপদের জন্য পাঁচজন সম্ভাব্য প্রার্থীর নামের তালিকা তৈরি করার কথা। কিন্তু ২০২৪ সালের মার্চ মাসে নির্বাচন কমিশনারের দুটি পদ খালি হওয়ার পর মাত্র ছ’জনের নাম প্রস্তাব করা হয়েছিল বলে আবেদনে দাবি করা হয়েছে।

এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বহু ভোটারের নাম বাদ যাওয়া এবং এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও দীর্ঘদিন ধরে সরব বিরোধীরা। এই ইস্যুতে দিল্লিতে আন্দোলন করেছে বিরোধী ইন্ডিয়া জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলেছেন বিরোধী নেতারা। এমনকী, নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সুপ্রিম কোর্ট অভিযানে সামিল হয়েছিলেন তাঁরা।

এই রাজনৈতিক ও আইনি টানাপড়েনের আবহে নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতি এবং জ্ঞানেশ কুমারের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের নতুন মামলা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হলে শীর্ষ আদালতে কী অবস্থান উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।