Bengal Liberty : “বাংলাদেশের তরুণ সমাজ আমাদের পথ দেখিয়েছে। বাংলাদেশের ছাত্রবিক্ষোভই অনুপ্রেরণা।’ ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কথিত নির্বাচনী অনিয়মের অভিযোগে চলমান আন্দোলনের মধ্যে ২৯ বছর বয়সী আইসা প্রধান নেহা বোরার মুখে এমন কথা শোনার পরেই এহেন মন্তব্যকে হাতিয়ার করে এবার পালটা আসরে নামল বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, নেহার কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে এই যাবতীয় বিক্ষোভ, যাবতীয় অসন্তোষ সবটাই বৃহত্তর ‘রেজিম চেঞ্জ’ অপারেশনের অঙ্গ। ভারতের গণতন্ত্রকে দুর্বল করে ভারতে বাংলাদেশের অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা হচ্ছে। আর সেটার প্রমাণ দিয়ে দিলেন আইসা নেত্রী নিজেই।
জনবিক্ষোভ, জেন জি-কে ক্ষেপিয়ে তুলে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামানো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের উপর চাপ সৃষ্টি করে ইস্তফা দিতে বাধ্য করা। ককরোচ জনতা জনতা পার্টি এবং জেন জি’র বিক্ষোভকে শুরু থেকেই সরকার ফেলার বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে জোরালো অভিযোগ করে আসছেন বিজেপি সমর্থকরা। মঙ্গলবার নেহার একটি মন্তব্য সেই তত্ত্বের স্বপক্ষে অকাট যুক্তি বলে মনে করাছে বিজেপি।
‘নেহার মন্তব্যেই ষড়যন্ত্র প্রমাণ হয়ে গেল’ বিস্ফোরক প্রদীপ ভাণ্ডারি
নেহার একটি বক্তব্যের কিছু অংশ এক্স-হ্যান্ডলে পোস্ট করে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, ‘নেহার মন্তব্যেই ষড়যন্ত্র প্রমাণ হয়ে গেল।’ প্রদীপ ভাণ্ডারির শেয়ার করা একটি সাক্ষাৎকার ক্লিপে নেহা বোরাকে বলতে শোনা যায়, ভারতে বর্তমানে যে ‘জেন জি’ আন্দোলন দেখা যাচ্ছে, তার সূচনা হয়েছিল কৌশলগত অংশীদার ও সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ বাংলাদেশে।
আরও খবর
বস্তুত, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের নেপথ্যে যে জুলাই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ছাত্র নেতারা আগেই নেহাদের আন্দোলনকে সমর্থন করেছেন। হাসনাত-সারজিসদের পালটা ধন্যবাদ জানিয়ে বুধবার এক সাক্ষাৎকারে নেহা বলেন, “আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি আমরা। আপনাদের কাছ থেকেই অনুপ্রেরণা এবং আপনাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনগুলো থেকে শিক্ষাগ্রহণ করি।” পরে তিনি এও বলেন, ”আপনাদের সোশ্যালিস্ট স্টুডেন্টস ফ্রন্টকে জানাই বৈপ্লবিক শুভেচ্ছা ও লাল সালাম। আমরা জানি যে, এই দেশে সর্বত্র আমরা এখন যে জেন-জি আন্দোলন দেখতে পাচ্ছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আর আমাদের সেই পথ দেখানোর জন্য আপনাদের জানাই অভিনন্দন।”
নেহার ওই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় শোরগোল। প্রদীপ ভাণ্ডারী আরও বলেন, “এই নেহা বোরা রাহুল গান্ধীদের পোস্টার গার্ল। রাহুলের এই লড়াই রাজনৈতিক নয়। নেহা মেনেই নিচ্ছে ও বাংলাদেশের রেজিম চেঞ্জ থেকে অনুপ্রাণিত। আর ভারতে সেটাই করতে চায়। এটা ওদের আসল উদ্দেশ্যের অকাট প্রমাণ” বলে দাবি প্রদীপ ভাণ্ডারীর।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আয়োজিত বিক্ষোভে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রথম ব্যাপক আলোচনায় আসেন নেহা বোরা। ঐতিহাসিক যন্তর মন্তরে পুলিশি পদক্ষেপ ও সরকারের সমালোচনা করে দেওয়া তার বক্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এরপর থেকে রাজধানীতে বিক্ষোভে তিনি এক পরিচিত মুখ হয়ে ওঠেন। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনকালে একাধিকবার আটক হলেও মুক্তি পেয়ে তিনি প্রতিবারই রাজপথে ফিরে এসেছেন।


