CJP
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস

যন্তর মন্তরে ঢুকে আটক নয়, গ্রেফতার সিজেপির তিন নেতা, তিহাড়ে পাঠানোর আশঙ্কা

সিজেপির আইনি বিষয়ক প্রধান রত্না সিংহের দাবি, যন্তর মন্তর সংক্রান্ত ঘটনায় সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্দেকে পার্লামেন্ট স্ট্রিট থানায় গ্রেফতার করে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, বন্ডের শর্ত লঙ্ঘন এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে। বুধবার সকালে তিন জনকে মন্দির মার্গ থানায় এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হতে পারে। রত্নার অভিযোগ, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত তিন নেতার সঙ্গে তাঁদের আইনজীবীদের দেখা করতে দেওয়া হয়নি। ভোর ৩টে নাগাদ তাঁদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের এই পদক্ষেপকে বেআইনি বলে দাবি করেছে সিজেপি। দলের বক্তব্য, এ ভাবে নেতাদের গ্রেফতার করে আন্দোলনের মনোবল ভাঙা যাবে না।

CJP Protest
আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস

এর আগে গত শনিবার, ১০ অক্টোবর, দিল্লি বিমানবন্দরে নামার পরেই সিজেপির নেতাদের প্রতিরোধমূলক গ্রেফতার করেছিল পুলিশ। পরে আদালত থেকে এক বছরের জন্য শান্তি বজায় রাখার শর্তে জামিন পান সৌরভেরা। তার পরেও যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে নতুন করে সংঘাত তৈরি হয়।

সোমবার যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করার কথা ঘোষণা করে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যন্তর মন্তরের পরিবর্তে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির জন্য তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে-রামলীলা ময়দান, বুরারি মাঠ এবং পূর্ব দিল্লির সিবিডি এলাকা। এ বার থেকে ওই তিন জায়গায় কর্মসূচি পালন করা যাবে। কিন্তু সেই নির্দেশিকা অমান্য করে যন্তর মন্তরে ঢোকার চেষ্টা করেন সিজেপির নেতারা। তার জেরেই ফের গ্রেফতারির মুখে পড়তে হয়েছে তাঁদের।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।