১২ ডিসেম্বর রামমন্দিরে যাবেন অখিলেশ, ভারসাম্যের রাজনীতিতে এগিয়ে
১২ ডিসেম্বর রামমন্দিরে যাবেন অখিলেশ, ভারসাম্যের রাজনীতিতে এগিয়ে

১২ ডিসেম্বর রামমন্দিরে যাবেন অখিলেশ, ভারসাম্যের রাজনীতিতে এগিয়ে

Bengal Liberty : বছর ঘুরলেই উত্তর প্রদেশে বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। উত্তর প্রদেশে বিজেপিকে যে দল চ্যালেঞ্জ ছুড়তে পারে, সেটি হল অখিলেশের সমাজবাদী পার্টি। অখিলেশের বাবা মুলায়ম সিং যাদব যখন সমাজবাদী পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, তখন তাঁর রাজনৈতিক অবস্থান মুসলিমদের দিকে ঝুঁকে ছিল। তখন সমাজবাদী পার্টিকে মুসলিম তোষণকারী দল বলা হত। কিন্তু অখিলেশের সময় থেকে ক্রমে সমাজবাদী পার্টি তার অবস্থান পাল্টাতে থাকে। একদিকে যেমন অখিলেশ সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে তার যোগাযোগ বাড়াতে থাকে, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের সঙ্গেও তাঁর সখ্যতা বজায় থাকে। ফলে তাঁর মধ্যে একটা ভারসাম্যের রাজনীতি বিদ্যমান রয়েছে। অখিলেশের এই অবস্থান কী আসন্ন বিধানসভা ভোটে সমাজবাদী পার্টিকে সুবিধা দেবে এখন সেটাই দেখার।

আগামী ১২ ডিসেম্বর অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে যাবেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। ২০২৪ সালের ২২ জানুয়ারি রামমন্দির প্রতিষ্ঠা হওয়ার এই প্রথম অখিলেশ অযোধ্যায় যাবেন। একটা সময় রামমন্দির তৈরিতে অংশ নেওয়া করসেবকদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী তথা অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবের ওপর। সেই অপবাদের ছায়া যে অখিলেশের মাথা থেকে সরেছে তা অখিলেশের রামমন্দির যাত্রা কর্মসূচি থেকেই প্রমাণ।

অখিলেশের এই সনাতনীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা আজ থেকে নয়, এটাওয়ায় ৫০ বিঘা জমির ওপর কেদারেশ্বর মন্দির তৈরিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর নিজের গ্রাম সাইফাইতেও একটি ৫১ ফুট লম্বা ও ৬০ টন ব্রোঞ্জ-কপারের কৃষ্ণ মূর্তি নির্মাণেও উদ্যোগ নিয়েছিলেন অখিলেশ। তবে এই সব কিছুর মধ্যে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে তাঁর সখ্যতাও বজায় রয়েছে। তাই আসন্ন বিধানসভা ভোটে লড়াইয়ের ময়দানে বিজেপির প্রতিপক্ষ হিসাবে মায়াবতীর বহুজন সমাজ পার্টি, কংগ্রেস বা আসাদউদ্দিন ওয়াইসির মিম থাকুক না কেন, ভারসাম্যের রাজনীতিতে অখিলেশ যে এগিয়ে রয়েছেন, তা অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই স্বীকার করেছেন এখন দেখার ভোটের বাক্সে তার প্রতিফলন কতটা হয়।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।