অখিলেশের পিডিএ রথযাত্রা চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু কিশোরের
অখিলেশের পিডিএ রথযাত্রা চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু কিশোরের

অখিলেশের পিডিএ রথযাত্রা চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু কিশোরের

Bengal Liberty : উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ‘পিডিএ রথ যাত্রা’ চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। মিছিলে শামিল হওয়া একটি বুলডোজারের ধাক্কায় প্রাণ হারিয়েছে আর্যবর্ধন সিং (১৪) নামে কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্র। মৃত কিশোর স্থানীয় বিজেপি নেতা ওঙ্কার সিং শ্রীনেতের পুত্র। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এবং শুরু হয়েছে জোরালো রাজনৈতিক তরজা।


পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের বাবা ওঙ্কার সিং গোরক্ষপুরে বিজেপির ‘নির্বাচন কমিশন যোগাযোগ বিভাগ’-এর সঙ্গে যুক্ত। তাঁর অভিযোগ অনুযায়ী, বুধবার দুপুর ২টো নাগাদ ওই এলাকা দিয়ে অখিলেশ যাদবের কনভয় যাচ্ছিল। সেই সময় বোনকে ßুñল থেকে নিয়ে আসার জন্য রাস্তা পার হচ্ছিল আর্যবর্ধন। ঠিক তখনই মিছিলের অংশ হিসেবে থাকা এবং পুষ্পবৃষ্টি করতে করতে আসা একটি বুলডোজার দ্রুতগতিতে এগিয়ে এসে কিশোরটিকে পিছন থেকে পিষে দেয়। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় সে। চিকিৎসকরা সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। দুর্ঘটনায় বুলডোজারের চালকও আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা ওঙ্কার সিং।

সন্তানের এই মর্মান্তিক পরিণতির পর তিনি অখিলেশ যাদবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার দাবি জানিয়েছেন এবং রাজ্য প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের আর্জি রেখেছেন। ঘটনার প্রতিবাদে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরাও বিক্ষোভে শামিল হন।
অন্যদিকে, এই দুর্ঘটনার দায় সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি জানান, এই ঘটনার বিষয়ে তাঁর কিছু জানা নেই। উল্টে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে অখিলেশ দাবি করেন, মিছিলের জন্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি এবং বিজেপির তরফে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।