Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘জিটিএ’ গেমের নকশায় দেশের প্রগতি বোঝালেন প্রধানমন্ত্রী

Bengal Liberty : বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে কম্পিউটার গেমিং জগতের অন্যতম জনপ্রিয় ভিডিয়ো গেম ‘গ্র্যান্ড থেফ্‌ট অটো’ বা জিটিএ। এটি গেমের ষষ্ঠ সংস্করণ। সেই গেমের নকশায় দেশের উন্নয়নের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ইউপিএ জমানা টেনে কংগ্রেসকে জিটিএ কায়দায় নিশানাও করলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, ‘ভারত এখন নতুন খেলা খেলছে’। ১৯ নভেম্বর রাত ১২টার পর থেকেই একের পর এক দেশে এই গেম খেলা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও খেলা যাচ্ছে এই গেম। জিটিএ ৬-এর বিশ্ব জুড়ে মুক্তির দিনই ভারতে ডিজিটাল ব্যবস্থার উন্নতি ও অগ্রগতির কথা বলেছেন প্রধানমন্ত্রী। ২০১৩ সালের শেষের দিকে বাজারে এসেছিল জিটিএ’র পঞ্চম সংস্করণ।

পঞ্চম সংস্করণ থেকে জিটিএ-র ষষ্ঠ সংস্করণ বাজারে আসতে আসতে ভারতে কতটা উন্নতি হয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক মাসে দেশব্যাপী ছাত্র-যুবদের একাধিক বিক্ষোভ বেশ অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় সরকারকে। নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। মোদী সরকারের ১২ বছরে এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী চাপের মুখে ইস্তফা দিয়েছেন। সেই অস্বস্তি কাটতে না কাটতেই মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের বিক্ষোভ শুরু হয় ছাত্র-যুবদের। রাজধানী দিল্লির পাশাপাশি দেশের অন্য বড় শহরগুলিতেও বিক্ষোভ চলে। এ অবস্থায় জিটিএ-র ষষ্ঠ সংস্করণ মুক্তির দিনে ভিডিয়ো গেমের নকশা ব্যবহার করে মোদীর বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অনেকের মতে, তরুণদের মধ্যে জিটিএ-র জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাঁদের মন ছোঁয়ার চেষ্টা করছেন তিনি। জিটিএ-র নকশায় বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভারত এখন পুরো নতুন এক খেলা খেলছে’। মোদীর পোস্ট করা ওই ছবিতে লেখা, ‘ জিটিএ ৫ এবং জিটিএ ৬-এর মধ্যে ভারত যে ভাবে উন্নত হয়েছে’। এর পরে আরও বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। পোস্টে একটি স্লাইডশো রয়েছে। সেখানে ভারত কী কী মাইলফলক ছুঁয়েছে, তার তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গত এক দশকে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস। রাজনৈতিক মহলের মতে, এর মাধ্যমে ঘুরিয়ে নরেন্দ্র মোদী আসলে পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে খোঁচা দিয়েছেন।

মোদি তাঁর পোস্টে আরও জানিয়েছেন, ভারত ‘ফ্র্যাজাইল ৫’ বা ভঙ্গুর অর্থনীতির তালিকা থেকে বেরিয়ে এসে দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। এছাড়া স্বচ্ছতা অভিযান (স্যানিটেশন মিশন)-এর সফল সমাপ্তি, সৌরবিদ্যুতের বৃদ্ধি, মহাকাশ প্রযুক্তি স্টার্টআপের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। ২০১৩ সালে কী অবস্থা ছিল এবং এখন কী হয়েছে, তা বোঝানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী।

এর মাধ্যমে এক দিকে যেমন তরুণদের কাছে টানার চেষ্টা করেছেন মোদী, একই সঙ্গে বিঁধেছেন বিরোধীদেরও। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে তরুণদের সাম্প্রতিক বিক্ষোভে সরাসরি সমর্থন জানিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সিজেপি নেতাদের গ্রেফতারির বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁরা। দিল্লির বিক্ষোভে পুলিশি ধরপাকড়েরও সমালোচনা করেছেন। এ অবস্থায় কংগ্রেস জমানার সঙ্গে নিজের জমানার তুলনা টেনে প্রধানমন্ত্রী বিরোধী শিবিরকেও চাপে রাখার চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।