Bengal Liberty : পাঞ্জাবে বড়সড় দুর্ঘটনা। মাঝখান থেকে ভেঙে পড়ল বেইলি ব্রিজ। সেতু ভেঙে সরাসরি ভাকরা ক্যানেলের উপর ঝুলে রইল দুটি ট্রাক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পাতিয়ালা-সাঙ্গরুর জাতীয় সড়কে। পাতিয়ালা জেলার আসিয়ানা গ্রামের কাছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় সেতুর উপর দিয়ে যাচ্ছিল বালি বোঝাই দুটি ট্রাক। আচমকাই ভেঙে পড়ে সেতুর একাংশ। ফলে মাঝপথেই আটকে যায় ট্রাক দুটি। এর মধ্যে একটি ট্রাকে আগুন ধরে যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মী ও প্রশাসনের আধিকারিকরা। তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় দুই ট্রাকের চালককে।
প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত ভার বহনের কারণেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। সেতুর নির্ধারিত ওজন বহনক্ষমতার তুলনায় বেশি ভারী যানবাহন নিয়মিত চলাচল করত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
আরও খবর
উল্লেখ্য, ২০১৬ সালে তৈরি হয়েছিল এই বেইলি ব্রিজ। সেতুটির রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামোগত অবস্থা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) অধীনস্থ এই সেতুর স্বাস্থ্য সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে জেলা প্রশাসন। প্রযুক্তি বিশেষজ্ঞরাও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন। দুর্ঘটনার জেরে পাতিয়ালা-সাঙ্গরুর জাতীয় সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন পণ্যবাহী গাড়ির চালকরা।


