Bengal Liberty : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ওড়িশায় রেল পরিষেবায় বড়সড় ধাক্কা। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। শুধু তা-ই নয়, বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। কোনও ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে চলছে, আবার কোনও ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় অনেকটা দেরিতে ছাড়বে। ফলে বিপাকে পড়তে পারেন যাত্রীরা।
দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর বাতিল করা হয়েছে শালিমার-পুরী এক্সপ্রেস এবং ভানজপুর-পুরী এক্সপ্রেস। ২০ নভেম্বর বাতিল থাকবে পুরী-ভানজপুর এক্সপ্রেস, বঙ্গরিপোসি-পুরী এক্সপ্রেস, পুরী-বঙ্গরিপোসি এক্সপ্রেস এবং হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এ ছাড়াও বাতিল থাকবে জালেশ্বর-পুরী ও পুরী-জালেশ্বর মেমু। টাটানগর-বদামপাহাড় রুটের তিন জোড়া মেমু এবং বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি রুটের তিন জোড়া মেমুও চলবে না। ২০ ও ২১ নভেম্বর বাতিল থাকবে টাটানগর-ব্রহ্মপুর এক্সপ্রেস এবং বারবিল-পুরী এক্সপ্রেস।
অন্যদিকে, একাধিক ট্রেনের সময়সূচিও বদলেছে। হাওড়া-চেন্নাই মেল আড়াই ঘণ্টা, ইস্ট কোস্ট এক্সপ্রেস সাত ঘণ্টা, পালাক্কাড এক্সপ্রেস দু’ঘণ্টা এবং হাওড়া-টিটিএস সুপারফাস্ট আট ঘণ্টা দেরিতে চলছে। জগদলপুর-ভুবনেশ্বর বিশেষ ট্রেন পাঁচ ঘণ্টা, শালিমার-বাস্কো অমরাবতী তিন ঘণ্টা এবং হাওড়া-এসএনভিবি সুপারফাস্ট তিন ঘণ্টা দেরিতে চলছে। রাজ্যরানি এবং পাটনা-ইআরএস এক্সপ্রেসও দু’ঘণ্টা দেরিতে ছাড়বে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও খবর
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ গোপালপুরের কাছাকাছি উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। দক্ষিণ ওড়িশায় জারি হয়েছে লাল সতর্কতা। পুরীতে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্যটক ও পুণ্যার্থীদের সতর্ক করা হয়েছে।


