Cyclonic Storm Akvan
Cyclonic Storm Akvan

দানবীয় শক্তি নিয়ে ওড়িশায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘আকভান’! দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা

Bengal Liberty : বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমশ এগোচ্ছে ভারতীয় উপকূলের দিকে। এই মুহুর্তে পুরীর দক্ষিণে প্রায় ৫৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘুর্ণিঝড়। ‘আকভান’-এর ল্যান্ডফলের নিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্যেই দুর্যোগ শুরু হয়ে গিয়েছে পুরীতে। আর তা ক্রমেই বাড়বে কাল। আবহাওয়ার গতিবিধি বলছে, ২০ নভেম্বর, শুক্রবার গোপালপুরের কাছে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। সেদিন দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী অঞ্চলে, গোপালপুরের কাছাকাছি।

গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে এবং দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। পূর্বাভাস এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও সতর্কতা জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে ইতিমধ্যেই বড় পদক্ষেপ করেছে ওড়িশা সরকার। ওড়িশার একাধিক বিপজ্জনক ও নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর থেকে ১ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল, সরকারি কর্মীদের ছুটি বাতিল। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখার মতো পদক্ষেপও করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যেসব পর্যটক রয়েছেন, তাদের পুরী ছাড়ার অনুরোধ করা হয়েছে। ২১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে গুন্ডিচা মন্দির সমুদ্র সৈকত, চিলিকা হ্রদ এবং নন্দনকানন চিড়িয়াখানাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। তবে জগন্নাথ দেবের মন্দির খোলা রয়েছে। ভিড় তুলনামূলকভাবে অনেক কম। ‘আকভান’-এর প্রভাবে বাংলাতেও শুরু হয়েছে বৃষ্টি। তবে শুক্রবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত, দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

শুক্রবার, ২০ নভেম্বর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার, ২১ নভেম্বরও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঘূর্ণিঝড়ের প্রভাবে সপ্তাহান্তেও দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে পারে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে, ঘূর্ণিঝড় আকভানের সম্ভাব্য দাপটের প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। অগ্রিম সতর্কতা হিসেবে দুর্ঘটনা এড়াতে শুক্রবার পর্যন্ত একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেনের সময়সূচি বদল করেছে ইস্ট কোস্ট রেল। বৃহস্পতিবার ৮ ঘণ্টা দেরিতে ছাড়বে বেঙ্গালুরু-মুজাফফরপুর এক্সপ্রেস ও হাওড়া-তিরুচিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস। এছাড়াও অনেকগুলি ট্রেন দেরিতে ছাড়ছে। যেমন চারলাপল্লি-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস ও জুনাগড় রোড-ভুবনেশ্বর সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়বে ৭ ঘণ্টা দেরিতে ছাড়বে । তালিকায় আছে, জগদলপুর-ভুবনেশ্বর স্পেশাল, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল-সহ একাধিক ট্রেনও। পরিস্থিতি অনুসারে তালিকাটি লম্বা হতে পারে বলে জানিয়েছে রেল। এছাড়া কয়েকটি ট্রেনকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রণও করা হবে। যাত্রীদের ট্রেনের সময়সূচি দেখে যাত্রা করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।