Bengal Liberty : বেসরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। অবসরকালীন সঞ্চয়ের টাকা প্রয়োজনে ব্যবহারের ক্ষেত্রে এবার থেকে আরও বেশি স্বাধীনতা পেতে চলেছেন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) সদস্যরা। এতদিন পর্যন্ত জরুরি প্রয়োজনে জমা থাকা অর্থের ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারতেন কর্মীরা। এবার তা বাড়িয়ে করা হল ৯০ শতাংশ। এছাড়া অবসরপ্রাপ্তরা কিস্তিতে পাবেন পিএফের টাকা। চাকরি হারানোর ক্ষেত্রে জমা থাকা টাকা পেতে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হত। কমানো হচ্ছে সেই সময়ও।
উল্লেখ্য, গত কয়েকবছরে সুবিধাভোগীদের কথা ভেবে পিএফের টাকা তোলার নিয়মে একাধিক বদল আনা হয়েছে। বর্তমানে অসুস্থতা, বিয়ে-সহ বেশ কয়েকটি কারণে টাকা তোলা যায়। তবে সেক্ষেত্রে নিয়ম, যোগ্য সঞ্চয়ের ৭৫ শতাংশ পর্যন্ত তোলা যায়। অর্থাৎ ২৫ শতাংশ টাকা জমা রাখা ছিল বাধ্যতামূলক। পিএফ অ্যাকাউন্টে ন্যূনতম কত টাকা জমা রাখতে হবে, সেই নিয়মে বদল আনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংস্থার বোর্ড। জমা রাখার অঙ্কের পরিমাণ ২৫ থেকে কমিয়ে করা হচ্ছে ১০ শতাংশ। অর্থাৎ ৯০ শতাংশ টাকাই তোলা যাবে। তাই জরুরী প্রয়োজনে কর্মী চাইলে আগের তুলনায় বেশি টাকা তুলতে পারবেন।
অন্যদিকে, অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তনের সিদ্ধান্ত। তাদের টাকা তোলার ক্ষেত্রে চালু হতে চলেছে সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান। অর্থাৎ একেবারে পুরো সঞ্চয়ের টাকা তোলার প্রয়োজন হবে না। নির্দিষ্ট সময়ের ব্যবধানে কিস্তিতে টাকা তুলতে পারবেন তারা। এক্ষেত্রে বাড়তি সুবিধাও মিলবে। যে টাকা জমা থাকবে তার উপর মিলবে সুদ।
পাশাপাশি আরও বেশি কর্মীকে পিএফের আওতায় আনার উদ্যোগ এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য সঞ্চয়ের সুযোগ বাড়ানোর প্রস্তাবও আলোচনায় এসেছে।
আরও খবর
চাকরি হারানোর পর টাকা তোলার ক্ষেত্রেও আনা হচ্ছে বদল। এতদিন বেতন বন্ধ হওয়ার ২ মাস পর পিএফের যাবতীয় টাকা তোলার জন্য আবেদন করা যেত। গতবছর একধাক্কায় তা বাড়িয়ে ১২ মাস করা হয়েছিল। ফের সময়সীমা কমিয়ে ২ মাস করা হচ্ছে। তবে পেনশনের চূড়ান্ত টাকা তোলার জন্য অপেক্ষা করতে হবে ৩৬ মাস। প্রয়োজনীয় সংশোধনের পর প্রায় দু’মাসের মধ্যে এই ব্যবস্থা চালু হতে পারে বলে আশা। ইপিএফওর হিসাব অনুযায়ী, ৫৫ বছরের বেশি বয়সি এবং পাঁচ লক্ষ টাকার বেশি পিএফ সঞ্চয় রয়েছে, এমন অন্তত ৬ লক্ষ ৩২ হাজার সদস্য এতে উপকৃত হতে পারেন।


