Bengal Liberty : বন্যপ্রাণী দেখতে গিয়ে সেলফি তোলার হিড়িক আর সোশ্যাল মিডিয়ার জন্য রিলস বানানোর প্রতিযোগিতা, সব মিলিয়ে জঙ্গল সাফারির পরিবেশ দীর্ঘদিন ধরেই নষ্ট হচ্ছিল। একশ্রেণির পর্যটকদের এমন উচ্ছৃঙ্খল আচরণের জেরে চিড়িয়াখানার রূপ নিয়েছিল দেশের সংরক্ষিত জঙ্গলগুলি। এই পরিস্থিতি বদলাতেই কড়া পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। দেশের সমস্ত জাতীয় উদ্যান, ব্যাঘ্রপ্রকল্প এবং অভয়ারণ্যে জঙ্গল সাফারির সময় পর্যটকদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শীর্ষ আদালতের এই যুগান্তকারী নির্দেশের পর বন্যপ্রাণ অনেকটাই শান্তি পাবে বলে মনে করা হচ্ছে।কেন এই কড়া নিষেধাজ্ঞা? গত কয়েক দশক ধরে দেশের রণথম্ভোর, জিম করবেট, কানহা বা তাডোবার মতো জঙ্গলগুলিকে কেন্দ্র করে বিশাল পর্যটন শিল্প গড়ে উঠেছে। কিন্তু বাঘ দেখার অন্ধ নেশায় পর্যটকদের একাংশ নিয়মকে বুড়ো আঙুল দেখাতে শুরু করেন।
জিপের বেপরোয়া রেষারেষি এবং মানুষের কোলাহলে বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছিল। ওয়াইল্ডলাইফ গাইডদের ওপর বাঘের একেবারে কাছে জিপ নিয়ে যাওয়ার মারাত্মক চাপ সৃষ্টি করতেন পর্যটকরা। এর জেরে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তাই চরম সংকটে পড়েছিল। এই বিশৃঙ্খলা রুখতেই গত বছর নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট জঙ্গল সাফারির সময় মোবাইল ফোন নিষিদ্ধ করার নির্দেশ দেয়। নিয়ম অনুযায়ী, সাফারিতে নামার আগে পর্যটকদের মোবাইল ফোন গাইডদের কাছে থাকা একটি তালাবন্ধ বাক্সে জমা রাখতে হয়। শুধুমাত্র জরুরি প্রয়োজনে গাইড বা চালকরা তাঁদের ফোন নিজেদের কাছে রাখতে পারেন। এই পরিস্থিতিতে একাধিক রাজ্যে জঙ্গল সাফারির সময় স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে বলে খবর। তাতে জঙ্গলের শান্তি ফিরেছে, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।
তবে শীর্ষ আদালতের এই পদক্ষেপে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। যেমন, এক পর্যটকের অভিজ্ঞতা, বাধ্য হয়ে ফোন ছাড়া জঙ্গলে গিয়ে তবেই বোঝা গেছে প্রকৃতির আসল রূপটি কেমন। লেন্সের আড়ালে বন্দি না থেকে নিঃশ্বাস বন্ধ করে সচক্ষে বাঘ দেখার রোমাঞ্চই আলাদা।
তবে অন্য একটি অংশের মতে, নিষেধাজ্ঞাটি কিছুটা কঠোর। কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে, ফোন পুরোপুরি নিষিদ্ধ না করে সাফারির সময় ‘ফ্লাইট মোড’ বাধ্যতামূলক করা যেতে পারে।
আরও খবর
আবার সচেতন মহলের একাংশের মতে, আসল সমস্যা যন্ত্রে নয়, মানুষের মানসিকতায়। মোবাইল আসার আগেও ক্যামেরার লেন্স হাতে অনেকে একই রকম অসৌজন্যমূলক আচরণ করতেন। তাই কড়া হাতে নিয়ম বলবৎ করার পাশাপাশি নিয়মভঙ্গকারীদের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করছেন অনেকে। ডিজিটাল আসক্তি ছেড়ে মানুষ অন্তত স্ক্রিনের মোহ কাটিয়ে চোখ তুলে চারপাশের সবুজকে দেখছে, এটাই এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন ওয়াইল্ডলাইফ বিশেষজ্ঞরা।


