Abhishek Banerjee
অবমাননাকর মন্তব্যের জের! অভিষেকের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ

অবমাননাকর মন্তব্যের জের! অভিষেকের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ

Bengal Liberty : ‘কোনও পুলিশ অফিসার ছাড় পাবেন না’, রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন নাম না করে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে (এসপি) নিশানা করে মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। এবার অভিষেকের বক্তব্যের বিরুদ্ধে লালবাজারের দ্বারস্থ হল অখিল ভারত হিন্দু মহাসভা। সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছেন, রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ লালবাজারের সাইবার সেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন তিনি।

শুধু লালবাজারেই নয়, ই-মেলের মাধ্যমে হরিদেবপুর, কসবা, বাসদ্রোণী, গল্ফগ্রিন, হেয়ার স্ট্রিট এবং কালীঘাট থানাতেও অভিযোগ পাঠানো হয়েছে বলে দাবি অভিযোগকারীর। অভিযোগপত্রের সঙ্গে অভিষেকের বক্তব্যের লিঙ্কও জমা দেওয়া হয়েছে। অভিযোগকারীর দাবি, ওই বক্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে ঘৃণাসূচক মন্তব্য করা হয়েছে, পুলিশকর্মীদের হুমকি দেওয়া হয়েছে এবং অপপ্রচার চালানো হয়েছে। পাশাপাশি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে নিয়ে কুরুচিকর ভাষা প্রয়োগ এবং ব্যক্তিগত আক্রমণের অভিযোগও তোলা হয়েছে।

উল্লেখ্য, দু’দিন আগে শ্রীরামপুরের একটি সভা থেকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে নিশানা করে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিশেষ করে পূর্ব মেদিনীপুরের এসপি, তাঁর সঙ্গে কোন আইনজীবীর কী সম্পর্ক, তা সর্বজনবিদিত। রাতের অন্ধকারে মিটিং করেন। আইনের বাইরে গিয়ে তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসান। রেজাল্টের আগের দিন আমায় এসএমএস করে বলা হয়েছিল, তৃণমূল হইহই করে জিতবে। তারপর বিজেপি যখন চুরি করে জিতেছে, মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য হাজার হাজার তৃণমূল কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।”

অভিষেকের ওই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। সংগঠনের বক্তব্য, কোনও জেলার পুলিশ সুপার, বিশেষত একজন মহিলা আইপিএস আধিকারিক সম্পর্কে এ ধরনের মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ অনভিপ্রেত। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অপমান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ সংগঠনের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ জমা পড়ার পর পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।