Abhishek Banerjee Questions Judiciary Over Attack Video
Abhishek Banerjee Questions Judiciary Over Attack Video

‘বিচারব্যবস্থা নীরব দর্শক’, বাড়ির সামনে হামলার ভিডিও পোস্ট করে আদালতকে নিশানা অভিষেকের

‘বিচারব্যবস্থা নীরব দর্শক হয়ে রয়েছে।’ নিজের বাড়ির সামনে হামলার ভিডিও প্রকাশ করে এ বার কলকাতা হাইকোর্ট এবং দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টকে কার্যত কাঠগড়ায় তুললেন মমতা-সর্বভারতীয় তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলার পাশাপাশি বিচারব্যবস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অভিষেকের দাবি, টানা দু’দিন নজরদারি চালানোর পর শুক্রবার গভীর রাতে, রাত দুটো নাগাদ তাঁর বাড়িতে হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা। সংবাদমাধ্যমে অভিষেক বলেন, “গত দু’দিন ধরে আমার বাড়ির এন্ট্রান্স গেট ও এক্সিট গেটে রেইকি করা হচ্ছে। দু’জন যুবক বাইক নিয়ে বাড়ির চারপাশে নজর রাখছে। বাইকের নম্বর প্লেটে লেখা আছে ‘পুলিশ’। এর পরেই বিজেপির গুন্ডারা হামলা চালাল।”

নিজের পোস্টে সেই হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তিনি লেখেন, “একজন নির্বাচিত সাংসদের বাড়িতেই যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তার পরিস্থিতি কী, তা সহজেই অনুমেয়।” গত ছ’মাসে তাঁর প্রাণনাশের এটি সপ্তম চেষ্টা বলেও অভিযোগ করেছেন অভিষেক।

শুধু হামলার অভিযোগ তুলেই থেমে থাকেননি তিনি। তাঁর আরও অভিযোগ, একের পর এক এমন ঘটনা ঘটলেও পুলিশের কোনও পদক্ষেপ নেই, বিচারব্যবস্থার তরফেও কোনও হস্তক্ষেপ করা হচ্ছে না। তাঁর বক্তব্য, বিচারব্যবস্থার নীরবতার কারণেই রাজ্যজুড়ে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ানোর সাহস পাচ্ছে।

পোস্টের শেষাংশে বিচারপতিদের উদ্দেশে কটাক্ষ করে অভিষেক লেখেন, “নীরব দর্শক হয়ে থাকার জন্য ধন্যবাদ, মিলর্ডস।” অর্থাৎ, বাড়ির সামনে হামলার ঘটনাকে কেন্দ্র করে এ বার সরাসরি বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর এই পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।