Bengal Liberty : মুর্শিদাবাদ রেল স্টেশনের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে প্রকাশ্য বিবাদে জড়ালেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। স্টেশনের বেহাল দশা এবং একাধিক অনিয়মের অভিযোগ তুলে সরাসরি স্টেশন মাস্টারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। অচল পরিকাঠামো থেকে শুরু করে যাত্রী পরিষেবার অব্যবস্থা— একের পর এক অভিযোগ তুলে রেল কর্তৃপক্ষের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মন্ত্রী।
স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদ স্টেশন চত্বর ও তার আশপাশের এলাকা দীর্ঘদিন ধরেই অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। স্তূপীকৃত নোংরা-আবর্জনা সাফাইয়ের কোনও স্থায়ী উদ্যোগ নেই বলে অভিযোগ যাত্রীদেরও। মন্ত্রী সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, দূরপাল্লার ও স্থানীয় যাত্রীদের সুবিধার জন্য স্টেশনের পিছনের দিকে এসক্যালেটর বসানো হলেও, দীর্ঘদিন ধরে সেটি রহস্যজনকভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এখানেই শেষ নয়। স্টেশনের শৌচালয় থেকে শুরু করে মহিলাদের জন্য নির্দিষ্ট প্রতীক্ষালয়— একাধিক প্রাথমিক পরিষেবাও বন্ধ হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী। দূর-দূরান্ত থেকে আসা সাধারণ যাত্রীরা কোথায় অপেক্ষা করবেন, কিংবা ন্যূনতম নাগরিক পরিষেবা কোথায় পাবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আরও খবর
স্টেশনের অব্যবস্থা ও দুর্নীতির অভিযোগ তুলে স্টেশন মাস্টারকে লক্ষ্য করে মন্ত্রী সরাসরি বলেন, “স্টেশন ছেড়ে বাড়ি গিয়ে ঘুমাও গে, ধান্দাগিরি-চামচাগিরি করো, সেটা স্বীকার করো। তুমি এখানে সিপিএমের বা তৃণমূলের চামচাগিরি করার জন্য আছ? তৃণমূলের চামচাগিরি করবে আর বাঁচার জন্য আরএসএস-বিজেপির নাম নেবে? রেলমন্ত্রীর বেতন নিচ্ছ আর তৃণমূলের চামচাগিরি করবে? এসক্যালেটর কেন বন্ধ? স্টেশনে এত নোংরা কেন? তৎকাল টিকিট নিয়ে দুর্নীতির খবর সব জানি। গৌরীশঙ্করের লোক স্টেশনে ঢুকলে ফাইন করবে?”
শুধু তাই নয়, শালীনতার সীমা ছাড়িয়ে তিনি আরও বলেন, “তোমার কোনও বাবা আছে, কোনও চৌদ্দগোষ্ঠী আছে, ডাকো।”
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে গৌরীশঙ্করবাবু আরও অভিযোগ করেন, রেল স্টেশনের সার্বিক উন্নয়ন ও যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করলেও, বাস্তবে সেই অর্থ যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। বরাদ্দকৃত অর্থ কোথায় এবং কীভাবে খরচ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, স্টেশনের তৎকাল টিকিট বুকিং ব্যবস্থা নিয়েও একাধিক অনিয়মের অভিযোগ আনেন মন্ত্রী। তাঁর দাবি, টিকিটের কালোবাজারি ও কারচুপির কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।


