দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের। বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মেটানোর প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সরকারি কর্মচারীদের বকেয়া মেটানোর কাজ দ্রুতগতিতে চলছে। মোট ১২ হাজার কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই ৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাকি ৪ হাজার কোটি টাকাও মিটিয়ে দেওয়া হবে।’’
উল্লেখ্য, পূর্বতন তৃণমূল সরকারের আমলে বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছিল সরকারি কর্মচারীদের মধ্যে। নিজেদের প্রাপ্য আদায়ের দাবিতে একাধিকবার রাস্তায় নেমে আন্দোলনেও শামিল হয়েছিলেন তাঁরা। সেই জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। সেই সময় বিরোধী দল হিসেবে বিজেপিও সরকারি কর্মচারীদের দাবিকে সমর্থন করে বকেয়া ডিএ নিয়ে সরব হয়েছিল। ক্ষমতায় আসার আগে সংকল্পপত্রেও এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।
আরও খবর
মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি কর্মচারীদের প্রাপ্য মেটানোর বিষয়ে একাধিক আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুধু আশ্বাস নয়, দুর্গাপুজোর আগেই ২০ শতাংশ ডিএ-সহ বকেয়া বেতন সরকারি কর্মীদের হাতে তুলে দিয়ে সেই সংকল্প বাস্তবায়িত করেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘একজন সাধারণ গ্রুপ ডি কর্মচারী কিংবা কনিষ্ঠ কর্মীর বেতন ন্যূনতম ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। এটা সম্ভব হয়েছে বিজেপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে বলেই।’’
এদিন সপ্তম বেতন কমিশন নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘সপ্তম বেতন কমিশনের কাজও অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশের নেতৃত্বে শুরু হয়ে গিয়েছে। চলতি অর্থবর্ষের মধ্যেই আমরা কমিশনের রিপোর্ট পাওয়ার আশা করছি। সেই সুপারিশ হাতে পেলেই সপ্তম বেতন কমিশন কার্যকর করার পদক্ষেপ করা হবে।’’
সব মিলিয়ে বকেয়া ডিএ মেটানো থেকে শুরু করে সপ্তম বেতন কমিশন কার্যকর করার উদ্যোগ—সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে একাধিক পদক্ষেপের কথা তুলে ধরল নতুন সরকার।


