Bengal Liberty : এবার বিতর্ক হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে। ডিলিমিটেশন প্রক্রিয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিআইএম নেতা ইমতিয়াজ আহমেদ। বৃহস্পতিবার বিকেলেই এই মামলা দায়ের হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই মামলার সঙ্গে সিপিআইএম দলের কোনও সাংগঠনিক যোগ নেই বলে জানিয়েছেন তিনি। তবে হাওড়া পুরসভার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ইমতিয়াজ আহমেদের। তিনি হাওড়া পুরসভার প্রাক্তন সিপিআইএম মেয়র পারিষদ ছিলেন। আগামী মঙ্গলবার মামলাটির শুনানি হতে পারে বলে সূত্রের খবর।
ইমতিয়াজ আহমেদের বক্তব্য, “তৃণমূল সরকারের আমলে হাওড়া ও বালি পুরসভাকে পৃথক করা হয়েছিল। এরপর নতুন সরকার ক্ষমতায় এসে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে।” কিন্তু এই ডিলিমিটেশন পদ্ধতি নিয়ে তাঁর আপত্তি রয়েছে। তাঁর কথায়, “আমরাও চাই পুরভোট হোক। কিন্তু যে পদ্ধতিতে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে, তা মানছি না।”
বামনেতা ইমতিয়াজ আহমেদের অভিযোগ, পুরসভার নির্বাচিত বোর্ড না থাকলে নতুন করে ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন কীভাবে পাওয়া গেল? তাঁর দাবি, পুরসভার নিয়ম অনুযায়ী, এই ধরনের পুনর্বিন্যাসের জন্য বোর্ডের অনুমতি প্রয়োজন। অথচ হাওড়া পুরসভার ক্ষেত্রে আগের ৫০টি ওয়ার্ড বাড়িয়ে ৬৮টি করা হয়েছে। কোন আইনি প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়েই আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি। এই গোটা প্রক্রিয়ায় আইনি ত্রুটি রয়েছে বলেই তাঁর অভিযোগ।
আরও খবর
উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট পুরভোটের নির্ঘণ্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। তবে হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, পুরসভা নির্বাচন না হলে কলকাতা ও হাওড়া—দুই পুরসভাই কো-অর্ডিনেটরদের মাধ্যমে পরিচালিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ায় ছটপুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েও তিনি জানান, পুরসভার কাজকর্ম থামিয়ে রাখা যাবে না। নাগরিকদের দৈনন্দিন পরিষেবা সচল রাখতে প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব দেওয়া হবে। এর আগে কালীপুজোর একটি মঞ্চ থেকেও একই ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
এই পরিস্থিতিতে হাওড়া পুরসভার ডিলিমিটেশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে ইমতিয়াজ আহমেদের নতুন মামলা পুরভোট ঘিরে আরও একটি আইনি জটিলতা তৈরি করল।


