Bengal Liberty : নিজের লোকসভা কেন্দ্রে সাংসদ তহবিল থেকে দেওয়া অর্থের বিনিময়ে তৈরি প্রকল্প উদ্বোধনের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে ফের রাজনৈতিক বিক্ষোভের মুখে পড়লেন মমতা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জের গোবরা এলাকায় স্নানঘাট উদ্বোধন করতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। অভিযোগ, সেখানে পৌঁছতেই তাঁর গাড়ির পথ আটকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে, তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার এবং গাড়ির কাচ ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে ফেসবুক লাইভে এসে পুলিশের ভূমিকা নিয়েই সরব হন মহুয়া।
ফেসবুক লাইভ মহুয়ার
ঘটনার পর ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এমনকী, ভাঙচুরও চালানো হয় বলে দাবি তাঁর। তা হলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা কী করছিলেন? কেন গোটা ঘটনা আটকানো গেল না? এই প্রশ্ন তুলেই কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপতির দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ।বিশেষ করে, পুলিশের সামনেই এমন ঘটনা ঘটার পরেও কেন কার্যকর পদক্ষেপ করা হল না, তা নিয়ে সরাসরি জবাব চেয়েছেন তিনি। তবে বিজেপির একাংশের কথায়, মহুয়া ইচ্ছে করেই এই বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। কারণ অনুষ্ঠানে যোগদানের আগেই ফেসবুক লাইভ করে তিনি হেনস্তা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন সাংসদ। তারপরেও জনবিক্ষোভের মুখে পড়ে কেন ওই এলাকায় গেলেন মহুয়া পাল্টা প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্যদিকে, গোটা ঘটনাকে ঘিরে মহুয়াকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, প্রচারের আলোয় আসতেই সাংসদ নিজে এমন পরিস্থিতি তৈরি করে থাকতে পারেন। ফলে গোবরা এলাকায় একটি স্নানঘাট উদ্বোধনের কর্মসূচি ঘিরে নতুন করে তৃণমূল-বিজেপি সংঘাতের আবহ তৈরি হয়েছে।


