মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর! কিষাণ সম্মান নিধি প্রকল্পে আর্থিক সহায়তা, বিদ্যুতে ইউনিটে ২ টাকা ভর্তুকি

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী বলেন, এদিন ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের আওতায় রাজ্যের ৪৬ লক্ষ ৪৬ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৯৩০ কোটি টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, দুটি কিস্তির ২ হাজার টাকা করে একসঙ্গে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী আরও একটি কিস্তির টাকা দিলে রাজ্য সরকারও সেই টাকা কৃষকদের দেবে। ফলে বছরে ৬ হাজার টাকার পরিবর্তে রাজ্যের কৃষকরা মোট ৯ হাজার টাকা পাবেন। জনকল্যাণ শিবির, সেবা সেতু এবং স্যাচুরেশন ড্রাইভের মাধ্যমে নতুন করে আরও ১ লক্ষ ৭১ হাজার কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

কৃষকদের বিদ্যুৎ খরচ কমাতেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ইতিমধ্যেই কৃষিকাজের জন্য বিদ্যুৎ সংযোগ নেওয়া প্রায় ৪ লক্ষ কৃষককে প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে ধাপে ধাপে ন্যূনতম সহায়ক মূল্য বা MSP-র সঙ্গে অতিরিক্ত ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। চলতি বছরে ২০০ টাকা অতিরিক্ত দেওয়ার পর আগামী দিনে ধাপে ধাপে সেই সহায়তা বাড়িয়ে ৩১০০ টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এ ছাড়াও উন্নতমানের সার, বীজ, উদ্ভিদ সুরক্ষা সামগ্রী এবং অনুখাদ্য সরবরাহের উপর জোর দিয়েছে রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। কৃষকদের আরও বেশি সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় রাজ্যের কৃষকদের যুক্ত করার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের সভা থেকে পূর্বতন তৃণমূল সরকারকেও নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, “তৃণমূল কৃষকদের নানা ভাবে বঞ্চিত করেছে। বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকদের দারিদ্র্য বেড়েছে।”

কৃষিপ্রধান রাজ্য পশ্চিমবঙ্গে কৃষকদের প্রথম গুরুত্ব দেওয়াই যে নতুন সরকারের একমাত্র লক্ষ্য, তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, পুরশুড়ার সভা থেকে আরামবাগকে নতুন জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধনেও উপস্থিত থাকার কথা জানান তিনি।

Bengal Liberty