Bengal Liberty : ‘‘এই সরকার শুধু বিজেপির নয়, এই সরকার আপনাদের সরকার। আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের বন্ধু।’’ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঠাকুরবাড়িতে পা রেখেই মতুয়া সমাজের নাগরিকত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক উন্নয়ন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিলেন তিনি। যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেল সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন।
মুখ্যমন্ত্রীর ঘোষণা, বর্তমানে প্রায় আড়াই লক্ষ সিএএ আবেদনকারীর শুনানি চলছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সকলকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২৫ হাজার মানুষ সিএএ শংসাপত্র পেয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি, সিএএ শংসাপত্রপ্রাপ্ত তফসিলি জাতিভুক্ত, বিশেষ করে নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষদের এসসি শংসাপত্র পেতেও আর কোনও বাধা থাকবে না বলে আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। জানুয়ারি মাসের মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যাতে মতুয়া সমাজের প্রত্যেক যোগ্য মানুষের কাছে পৌঁছয়, তার জন্য মুখ্যমন্ত্রীর দফতরে বিশেষ আধিকারিক নিয়োগের ঘোষণা করেন তিনি। শংসাপত্র পাওয়ার পরেই নতুন সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা যাতে তাঁরা পান, সেই উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনায় মাসে তিন হাজার টাকা, বার্ধক্য ভাতা এবং আয়ুষ্মান ভারত বা রাজ্যের স্বাস্থ্যবিমার মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা।
আরও খবর
মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি অন্য বিষয়গুলিও। শুধু নাগরিকত্ব বা ভাতার প্রতিশ্রুতিতেই থেমে থাকেননি তিনি। ঠাকুরনগরের দীর্ঘদিন ধরে বঞ্চিত মতুয়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে ‘মতুয়া উন্নয়ন বোর্ড’ পুনর্গঠনের ঘোষণা করেন শুভেন্দু। চলতি অর্থবর্ষে এই বোর্ডের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতিও দেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করে সেটি বীণাপাণি দেবীর নামে উৎসর্গ করার কথাও ঘোষণা করেন। পাশাপাশি, আগামী বাজেটে ঠাকুরনগরকে পুরসভা হিসেবে ঘোষণা করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও, তীর্থ সার্কিটের মধ্যে ঠাকুরনগরকে অন্তর্ভুক্ত করে সেখানে একটি পূর্ণাঙ্গ মন্দির নির্মাণের কথা বলেন তিনি। মন্দিরের ভূমিপুজোয় নিজে উপস্থিত থাকার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, বিগত সরকারের আমলে মতুয়াদের বঞ্চিত করার অভিযোগ বারবার উঠেছে। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর মতুয়া সমাজের সার্বিক উন্নয়নে একাধিক পদক্ষেপের আশ্বাস দিয়েছে। সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হলে মতুয়াদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলন সার্থক হবে বলেই মনে করছেন ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের একাংশ।


