Bengal Liberty : ম্যাটে নেমেছিলেন চোখে একরাশ স্বপ্ন আর মনে অদম্য জেদ নিয়ে। আর লড়াইয়ের শেষে ফিরে গেলেন ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে। ভারতীয় কুস্তির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন মানিশা ভানওয়ালা। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে নজির গড়লেন তিনি।
শুক্রবার কাজাখস্তানের আস্তানায় বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের মহিলাদের ৫৯ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে আমেরিকার অ্যাবিগেল নেটের মুখোমুখি হয়েছিলেন মানিশা। শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি ভারতীয় কুস্তিগীরের। প্রতিপক্ষের আক্রমণের সামনে একসময় ৬-০ পয়েন্টে পিছিয়ে পড়েন তিনি। কিন্তু সেখান থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন। লড়াইয়ের শেষদিকে দুরন্ত কামব্যাক করে শেষপর্যন্ত ৮-৬ ব্যবধানে জয় ছিনিয়ে নেন মানিশা। আর সেই সঙ্গেই নিশ্চিত হয় ঐতিহাসিক সোনা।
র আগে ভারতীয় মহিলা কুস্তিগীররা বিশ্বমঞ্চে একাধিকবার পদকের কাছাকাছি পৌঁছলেও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই ছিল। ২০২১ সালে অংশু মালিক প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিলেন। চলতি প্রতিযোগিতায় নীলম সিরোহি এবং কাজল ধোচকও ফাইনালে উঠেছিলেন, তবে দু’জনকেই রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আর সেই জায়গা থেকেই দেশের হয়ে সোনার পদক জিতে ইতিহাস গড়লেন মানিশা।
আরও খবর
শুধু ভারতীয় মহিলা কুস্তির ইতিহাসেই নয়, সামগ্রিক ভারতীয় কুস্তির ক্ষেত্রেও এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুরুষদের বিভাগে ২০১০ সালে সুশীল কুমারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর মানিশা দ্বিতীয় ভারতীয় কুস্তিগীর হিসেবে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন।
এই জয় শুধুমাত্র একটি পদক জয়ের গল্প নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম, আত্মবিশ্বাস এবং কঠিন লড়াইয়ের প্রতিফলন। ছয় পয়েন্টে পিছিয়ে থেকেও যেভাবে ম্যাচে ফিরে এলেন মানিশা, তা আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে। ভারতের মেয়েদের শক্তি, সাহস ও উচ্চাকাঙ্ক্ষার এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইলেন মানিশা ভানওয়ালা। তাঁর এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত গোটা দেশ।


