Bengal Liberty : ইতালির ফুটবল মানেই আবেগ, উত্তেজনা আর চিরপ্রতিদ্বন্দ্বিতার লড়াই। আর সেই লড়াইয়ের অন্যতম সেরা মঞ্চ মিলান ডার্বি। একদিকে ইন্টার মিলান, অন্যদিকে এসি মিলান। দুই দলের এই দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা বরাবরই তুঙ্গে। আর সেই মহারণেই এবার ইন্টারের বিরুদ্ধে ৩-১ গোলে দুরন্ত জয় ছিনিয়ে নিল এসি মিলান। শহরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এমন জয় যে এসি মিলানের সমর্থকদের কাছে বাড়তি আনন্দের, তা বলাই বাহুল্য। অন্যদিকে, গুরুত্বপূর্ণ ডার্বিতে পরাজয় ইন্টার শিবিরের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা।
প্রথমার্ধেই ম্যাচের রাশ এসি মিলানের হাতে
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় এসি মিলান। ম্যাচের মাত্র ৪ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে এগিয়ে যায় রোসোনেরিরা। দিয়েগো মোরেইরার দুর্দান্ত ক্রস থেকে হেডে বল জালে জড়ান পুলিসিচ। এরপর ম্যাচের ১০ মিনিটে আদ্রিয়েন রাবিওর গোলে ব্যবধান দ্বিগুণ করে এসি মিলান। মোরেইরার কর্নার থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন রাবিও। মাত্র ১০ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ইন্টার তবে ম্যাচে ফিরে আসার চেষ্টা চালায় নেরাজ্জুরিরা।
২২ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির গোলে ব্যবধান কমায় ইন্টার মিলান। হাকান চালহানোলুর কর্নার থেকে ম্যানুয়েল আকাঞ্জির বাড়ানো বলে হেড করে গোল করেন বাস্তোনি। এরপর ইন্টারের আক্রমণ বাড়লেও গোলরক্ষক মাইক মাইগনানের দৃঢ়তায় বারবার আটকে যায় তাদের প্রচেষ্টা। প্রথমার্ধের ৪৩ মিনিটে দিয়েগো মোরেইরার দুর্দান্ত ফ্রি-কিক ফের ব্যবধান বাড়ায় এসি মিলান। ফলে বিরতিতে ৩-১ গোলে এগিয়ে থাকে রোসোনেরিরা।
আরও খবর
দ্বিতীয়ার্ধে ব্যবধান ধরে রাখল এসি মিলান
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ইন্টার মিলান। বলের দখল নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ গড়ে তোলে তারা। কিন্তু এসি মিলানের জমাট রক্ষণ এবং মাইগনানের দুরন্ত গোলকিপিংয়ের সামনে কার্যত ব্যর্থ হয়ে যায় ইন্টারের আক্রমণ। ম্যাচের ৭৫ মিনিটে পেনাল্টির আবেদন জানায় ইন্টার। তবে ভিএআর পর্যালোচনার পর সেই পেনাল্টির সিদ্ধান্ত বাতিল হয়।
এরপরও ব্যবধান কমানোর মতো গোল আর করতে পারেনি ইন্টার। অন্যদিকে, দ্বিতীয়ার্ধে ঠান্ডা মাথায় ম্যাচ নিয়ন্ত্রণ করে এসি মিলান। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোসোনেরিরা। এই ম্যাচে এসি মিলানের জয়ের অন্যতম নায়ক দিয়েগো মোরেইরা। একটি গোল করার পাশাপাশি পুলিসিচ ও রাবিওর গোলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তাঁর দুরন্ত পারফরম্যান্সেই ম্যাচের শুরুতে চাপে পড়ে যায় ইন্টার ।

সব মিলিয়ে মিলান ডার্বিতে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ৩-১ গোলে জয় তুলে নিল এসি মিলান। শহরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আরও একবার নিজেদের দাপট প্রতিষ্ঠা করল রোসোনেরিরা।সেই সঙ্গে এইবারের মিলান ডার্বির রঙ নীল থেকে হল লাল। তবে আবারও ১৩ ফেব্রুয়ারী ২০২৭ সালে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে মিলান। তখনও কী মিলান ডার্বির রঙ একই থাকে? সেই নিয়ে এখন থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।


