Bengal Liberty : বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। ক্রমশ শক্তি বাড়াচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী মঙ্গলবার সকাল নাগাদ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘আগভান’। ইরানের দেওয়া এই নাম ঘিরে ইতিমধ্যেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য অভিমুখ বা কোথায় আছড়ে পড়তে পারে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, গত শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল। রবিবার সকালে সেটি আরও সুসংহত নিম্নচাপের রূপ নেয়। রবিবার বেলা গড়াতেই ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিবেগে উত্তর দিকে এগিয়েছে এই নিম্নচাপ। বর্তমানে স্থলভাগ থেকে অনেকটাই দূরে অবস্থান করছে সেটি। মৌসম ভবন সূত্রে খবর, এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৭০০ কিলোমিটার, চেন্নাই থেকে ৮৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ১,০৪০ কিলোমিটার এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ১,১৬০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি।
আবহাওয়াবিদদের অনুমান, আগামী মঙ্গলবার সকাল নাগাদ এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও এর সম্ভাব্য গতিপথ এখনও স্পষ্ট নয়, তবে ভারতের দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও বদল আসতে পারে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে ঘূর্ণিঝড়টির অভিমুখ এবং শক্তি বৃদ্ধির গতিপ্রকৃতির দিকে এখন নজর রাখছেন আবহাওয়াবিদরা।


