Bengal Liberty : শীতের আমেজ বাড়তে না বাড়তেই ফের আবহাওয়ার ভোলবদলের ইঙ্গিত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে কেন্দ্রীয় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে বাংলার আবহাওয়াতেও। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, আগামী দু’দিনে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে একদিকে বৃষ্টির ভ্রুকুটি, অন্যদিকে শীতের আমেজ-দুইয়ের প্রভাবেই বদলাতে চলেছে বাংলার আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের দু’-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অধিকাংশ জেলার আকাশ শুকনোই থাকবে। অর্থাৎ আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের গতিবিধির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে রাত ও ভোরের দিকে শীতের আমেজ আরও বাড়বে। তবে নিম্নচাপের প্রভাবে পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও খবর
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঠান্ডার প্রভাব বেশি অনুভূত হতে পারে। বিশেষ করে রাত ও ভোরের দিকে তাপমাত্রা কম থাকায় শীতের আমেজ বেশ ভালোই টের পাওয়া যাবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহের আগে উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে।


