Bengal Liberty: স্বাধীনতা দিবসের প্রাক্কালে সম্প্রীতির এক বিরল ও সুন্দর নজির গড়ল বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদের ডোমকল। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের দিনে এক মাদ্রাসার প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করলেন বেলুড় মঠের সন্ন্যাসী স্বামী পরমানন্দ মহারাজ। আর তাঁর এই উপস্থিতি ও সম্প্রীতির বার্তা গোটা এলাকায় এক অন্য মাত্রা যোগ করেছে।

মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন ও সংবর্ধনা (Domkal madrasah)
ডোমকলের জামিয়া আরাবিয়া বাহরুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন স্বামী পরমানন্দ মহারাজ। পতাকা উত্তোলনের পর স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের এমন উষ্ণ অভ্যর্থনা ও আয়োজনে অভিভূত মহারাজ বলেন, “প্রত্যন্ত এলাকায় এত সুন্দর মাদ্রাসা এবং এত বাচ্চাকে পড়াশোনা করতে দেখে খুব ভালো লাগল।”

স্বামী বিবেকানন্দের আদর্শ ও সম্প্রীতি মিছিল (Domkal madrasah)
অনুষ্ঠান শুধু মাদ্রাসা প্রাঙ্গণেই সীমাবদ্ধ ছিল না, এদিন ডোমকল শহরে ৪৮০ ফুটের একটি বিশাল জাতীয় পতাকা নিয়ে এক সম্প্রীতি মিছিলও বের হয়। সেই মিছিলে মাদ্রাসার পড়ুয়া, স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি পা মেলান স্বামী পরমানন্দ মহারাজ এবং অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা মোজাফ্ফর খান ও সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক-সহ বিশিষ্টজনেরা।
আরও খবর
মহারাজ তাঁর বক্তব্যে বলেন, “স্বামী বিবেকানন্দ যে আদর্শ চেয়েছিলেন, তার প্রতিফলন এই মাদ্রাসায় রয়েছে। এখানে পড়াশোনার পাশাপাশি জ্ঞান ও আদর্শের শিক্ষাও দেওয়া হয়।” মাদ্রাসার আধ্যাত্মিক পরিবেশ ও শিক্ষা ব্যবস্থার উচ্চ প্রশংসা করে তিনি জানান, এই ধরনের প্রতিষ্ঠান আরও বেশি করে গড়ে ওঠা দরকার। স্বাধীনতা দিবসের দিনে এই ধরনের অনুষ্ঠান এলাকায় শান্তি, সৌহার্দ্য ও ঐক্যের এক অনন্য বার্তা ছড়িয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/15/tarek-rahman-india/


