Bengal Liberty: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ভোটগণনার দিন হিংসার আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশন ও প্রশাসনের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। বুধবার, ৮ অক্টোবর, প্রদেশ কংগ্রেসের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিক, নন্দীগ্রাম উপনির্বাচনের জেনারেল ও পুলিশ অবজারভার, রিটার্নিং অফিসার এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ভোটগণনার দিন গণনাকেন্দ্র এবং তার আশপাশে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে।
প্রদেশ কংগ্রেসের অভিযোগ, ভোটের দিন দলের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই আগামী ৯ অক্টোবর ভোটগণনার দিন একই ধরনের ঘটনা ফের ঘটতে পারে বলে আশঙ্কা করছে দল। বিশেষ করে গণনাকেন্দ্রে থাকা দলের কাউন্টিং এজেন্ট এবং কর্মীদের যাতে কোনওরকম হামলা বা ভয়ভীতির মুখে পড়তে না হয়, সে জন্য প্রশাসনের কাছে আগাম প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা দলের নেতৃত্বের সঙ্গে নির্ধারিত সময়ে রেয়াপাড়ার গণনাকেন্দ্রে পৌঁছবেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গণনার পরবর্তী সময়েও যাতে কোনওরকম হিংসা বা অশান্তি না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে কংগ্রেস।
আরও খবর
প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি প্রশান্ত কে দত্ত, সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, নন্দীগ্রাম উপনির্বাচনের পর্যবেক্ষক রণজিৎ মুখোপাধ্যায়-সহ একাধিক নেতা চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।


