Bengal Liberty : বীরভূমের নানুরে রতন শেখের পুলিশি গুলিতে মৃত্যুর ঘটনাকে ঘিরে বিতর্কের মধ্যেই মুখ খুললেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ। পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু কি আদৌ আইন মেনে হয়েছে? অভিযানের সময় সমস্ত নিয়ম ও প্রোটোকল অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই উঠেছে একাধিক প্রশ্ন। সোমবার সাংবাদিক বৈঠকে সেই সব প্রশ্নের জবাব দিতে গিয়ে পুলিশ সুপারের দাবি, সম্পূর্ণ আইন মেনেই অভিযান চালানো হয়েছিল। পুলিশের গুলিচালনার পিছনে ছিল আত্মরক্ষার তাগিদ। একই সঙ্গে গোটা ঘটনার বিবরণ দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও সামনে আনেন তিনি।
পুলিশ সুপার জানান, গত ১৩ নভেম্বর নানুরের ঘটনায় রতন শেখের সঙ্গে তার বন্ধু রমেশ লোহারও উপস্থিত ছিলেন। রতন শেখের বিরুদ্ধে প্রায় ৩৬টি অভিযোগ রয়েছে। অতীতেও একাধিকবার জেল খেটেছেন তিনি। সেই কারণেই তাঁকে গ্রেফতার করতে অভিযানে গিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। সেই গুলিতে গুরুতর জখম হন শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাস। এরপর থেকেই পলাতক ছিল অভিযুক্ত।
অবশেষে রবিবার পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে রতন শেখকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপারের বক্তব্য, জিজ্ঞাসাবাদে বিভিন্ন জায়গায় অস্ত্র লুকিয়ে রাখার কথা জানায় রতন। সেই তথ্যের ভিত্তিতেই তাকে নানুরের চারকল গ্রামের কাছে একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যাওয়া হয়। সেখানে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারের সময় আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। ওই গুলি পুলিশের একটি গাড়িতে লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। তাতেই মৃত্যু হয় রতন শেখের।
আরও খবর
এই ঘটনায় ইতিমধ্যেই শান্তিনিকেতন ও নানুর থানায় পৃথক অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, রমেশ লোহার এবং নুর হোসেন শেখ নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাঁদের আদালতে পেশ করা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯, ১১৮, ১৩২, ২২১ ও ৩৫ নম্বর ধারা এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।
তবে গোটা অভিযানের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। এনকাউন্টারের সময় ভিডিও ক্যামেরা ব্যবহার-সহ সমস্ত আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানান, নিয়ম মেনেই অভিযান চালানো হয়েছে। কোনও বেআইনি পদক্ষেপ করা হয়নি বলেও তাঁর বক্তব্য। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে। অভিযানের বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, রতন শেখের মৃত্যুর পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অপরাধ দমনে পুলিশের আত্মরক্ষামূলক পদক্ষেপ, নাকি এনকাউন্টারের আড়ালে অন্য কোনও প্রশ্ন রয়েছে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও পুলিশ সুপারের দাবি, পরিস্থিতির চাপে আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। এখন তদন্তে অভিযানের প্রতিটি ধাপ, গুলিচালনার পরিস্থিতি এবং উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়টি কতটা স্পষ্ট হয়, সেদিকেই নজর রয়েছে। পুলিশের বক্তব্যের পাশাপাশি তদন্তের নিরপেক্ষ ফলাফলই শেষ পর্যন্ত এই এনকাউন্টার ঘিরে ওঠা প্রশ্নের উত্তর দিতে পারবে।


