বোলপুরে কনস্টেবলকে গুলি-কাণ্ডে পুলিশের অভিযান, গ্রেফতার রতনের দুই শাগরেদ
বোলপুরে কনস্টেবলকে গুলি-কাণ্ডে পুলিশের অভিযান, গ্রেফতার রতনের দুই শাগরেদ

বোলপুরে কনস্টেবলকে গুলি-কাণ্ডে পুলিশের অভিযান, গ্রেফতার রতনের দুই শাগরেদ

Bengal Liberty : শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় বড়সড় অভিযান চালাল পুলিশ। রবিবার সন্ধ্যায় মূল অভিযুক্ত রতন শেখের এনকাউন্টারে মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তার আরও দুই শাগরেদ রমেশ লোহার ও নূর হোসেন শেখকে। সোমবার সাংবাদিক বৈঠক করে গোটা অভিযানের বিবরণ দিলেন বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ। তাঁর বক্তব্যে উঠে এসেছে, কনস্টেবলকে গুলি করার ঘটনার আগে ও পরে অভিযুক্তদের গতিবিধি নিয়েও একাধিক চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সুপার জানান, গত ১৩ তারিখ অন্য একটি মামলায় বোলপুর সংশোধনাগার থেকে মুক্তি পান রতন শেখ। জেল থেকে বেরনোর পর তাঁকে নিতে এসেছিলেন তিন-চারজন। তাঁদের মধ্যে ছিলেন রমেশ লোহার ও নূর হোসেন শেখ। এরপর একটি জায়গায় একসঙ্গে জমায়েত হয়ে সেলিব্রেশন করেন তাঁরা। পুলিশের প্রাথমিক তদন্তে দাবি, সেখানে আরও অপরাধের পরিকল্পনাও করা হয়েছিল। পরে রতন ও রমেশ লায়েক বাজারের দিকে চলে যান। অন্যদিকে, বাকিরা অন্যত্র চলে যান।

এরপর লায়েক বাজারে রতন শেখের উপস্থিতির খবর পেয়ে তাঁকে ধরতে যায় পুলিশ। সেই সময় পুলিশকর্মীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালান রতন। গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এরপর থেকেই পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। বর্ধমান থেকে রতনকে গ্রেফতারের পর আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য নানুরের একটি ইটভাটায় নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি এসপির। সেখানে অস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে ফের গুলি চালান রতন। পুলিশের দাবি, আত্মরক্ষার্থে পালটা গুলি চালানো হয়। তাতেই গুলিবিদ্ধ হন রতন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এরপর পুলিশের টানা অভিযানে লাভপুর থেকে গ্রেফতার করা হয় নূর হোসেন শেখকে। অন্যদিকে, নানুর থেকে গ্রেফতার হন রমেশ লোহার। পুলিশের অভিযোগ, জেল থেকে ছাড়া পাওয়ার পর এই দু’জনই রতনকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন। সেই সূত্রেই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের।

বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, রতনের বিরুদ্ধে অন্তত ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে আগ্নেয়াস্ত্র মজুত ও খুনের চেষ্টার মতো অভিযোগও রয়েছে। ধৃত রতনের দুই শাগরেদের বিরুদ্ধেও ১৭-১৮টি করে মামলা রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রের উৎস এবং এই চক্রের অন্য সদস্যদের সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।