রাজ্যে সরকার বদলের পর এবার বদল আসতে চলেছে স্কুলের পাঠ্যক্রমেও। নতুন সিলেবাসে জায়গা পেতে চলেছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী। পাশাপাশি স্কুলের পাঠ্যবইয়ে গুরুত্ব পাবে পশ্চিমবঙ্গের ইতিহাস। অন্যদিকে, ইতিহাসের বইয়ে সিঙ্গুর-সংক্রান্ত অধ্যায়ে সংশোধন আনার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার।
সামনেই চলতি শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা। তারপর শুরু হবে নতুন শিক্ষাবর্ষের পড়াশোনা। তার আগে স্কুলশিক্ষায় নতুন সিলেবাস চালুর বিষয়ে পদক্ষেপ করতে আগ্রহী শিক্ষা দফতর। নতুন সিলেবাস নিয়ে শিক্ষামন্ত্রী দীপক বর্মণ নিজেই একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নতুন পাঠ্যবইয়ে যোগ হতে চলেছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী। শুধু তাই নয়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ICT)-র বইও পাঠ্যক্রমে রাখা হচ্ছে। নয়া সিলেবাস নিয়ে এমনই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মণ।
আরও খবর
শিক্ষামন্ত্রীর বক্তব্য, পড়ুয়াদের কোনও নির্দিষ্ট রাজনৈতিক ভাবনা বা মতাদর্শে প্রভাবিত করা সরকারের উদ্দেশ্য নয়। বরং ইতিহাস সম্পর্কে তাদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনা এবং যুক্তিবোধ তৈরি করাই নতুন শিক্ষানীতির লক্ষ্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়তো এই পরিসরে কম। কিন্তু তাঁর সম্পর্কে পড়ুয়ারা জানুক। তাদের মধ্যে ব্রেনস্টর্মিং হোক। আমরা মস্তিষ্ক প্রক্ষালনে বিশ্বাসী নই, আমরা ব্রেনস্টর্মিংয়ে বিশ্বাসী। পড়ুয়ারা বিষয়টি নিয়ে ভাবুক, চিন্তা করুক এবং নিজেদের মতো করে এগিয়ে যাক।”
পূর্বতন তৃণমূল সরকার নিজেদের ক্ষমতা প্রদর্শনে পড়ুয়াদের মধ্যেও তৃণমূলের রাজনীতির অংশ ঢোকাতে চেয়েছিল বলে অভিযোগ তুলেছে বিজেপি। ইতিহাসের পাঠ্যক্রমে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি অন্তর্ভুক্ত করা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, কোনও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাকে চট করে ইতিহাসের তকমা দেওয়া যায় না। এই প্রসঙ্গে তিনি বলেন, “২০২৬ সালে বিজেপি জিতে গেল, আমি শিক্ষামন্ত্রী হয়ে গেলাম, আর ইতিহাসের বই লিখে দিলাম কীভাবে জিতল—এটাকে ইতিহাস বলা যায় না। এটা নিয়ে প্রবন্ধ লিখে কোনও ম্যাগাজিনে দেওয়া যেতে পারে, কিন্তু পাঠ্যবইয়ে আসা উচিত কি না, সেটা ভাবার বিষয়।”
সিঙ্গুর প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্য, “সিঙ্গুরের যে গল্পটা ইতিহাসে দেওয়া হয়েছিল, সেখানে কোথাও ভুলভ্রান্তি হয়েছে বলে আমরা মনে করছি। সেই জায়গায় সংশোধন করার চেষ্টা করেছি।”
উল্লেখ্য, পূর্বতন তৃণমূল সরকারের আমলে স্কুলের পাঠ্যক্রমে রাজনৈতিক ইতিহাসের উপস্থাপনা নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছিল। এবার নতুন সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রেও পরিবর্তনের উদ্যোগ শুরু হয়েছে। নতুন সিলেবাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী অন্তর্ভুক্তি এবং সিঙ্গুর অধ্যায়ে সংশোধন সেই পরিবর্তনেরই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


