Mohun Bagan vs East Bengal
Mohun Bagan vs East Bengal IFA Shield

শিল্ড ফাইনালে জমজমাট ডার্বির লড়াই, তিনে তিন নাকি দুয়ে দুই? ম্যাচের আগে উন্মাদনা তুঙ্গে!

আগের তিনটি প্রতিযোগিতাতেই শেষ মুহূর্ত পর্যন্ত টানটান লড়াই দেখা গিয়েছে। আইএসএলে গোলের ব্যবধানে ২২ বছরের খরা কাটিয়ে ভারতসেরা হয়েছে ইস্টবেঙ্গল। আবার ডুরান্ড কাপের ফাইনালেও মোহনবাগানকে ৪-১ গোলে উড়িয়ে ২২ বছর পর ফের ডুরান্ড কাপ জিতেছে লাল-হলুদ। অন্যদিকে, কলকাতা ফুটবল লিগের শেষ দিনেও চূড়ান্ত নাটকীয়তার মধ্যে আট বছর পর চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। তাই শিল্ডের ফাইনালে নামার আগে ইস্টবেঙ্গলের পাখির চোখ ‘তিনে তিন’ করা। অন্যদিকে, মোহনবাগানও জয়ের ধারা বজায় রাখতে ময়দানে নামতে তৈরি। সব মিলিয়ে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

Amar Ekadosh
Amar Ekadosh

ছয়টি দলকে নিয়ে শুরু হয়েছিল এ বছরের আইএফএ শিল্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচেই শক্তিশালী শ্রীনিধি ডেকানকে হাফ ডজন গোলে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান। তবে দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকেও নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে সবুজ-মেরুন শিবির। এরপর সেমিফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ১২০ মিনিট লড়াই করার পর টাইব্রেকারে বিশাল কাইথের অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে ফাইনালের টিকিট নিশ্চিত করে মোহনবাগান। তবে প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ধারাবাহিকতার অভাব প্রতি ম্যাচেই চোখে পড়েছে।

মহামেডান স্পোর্টিং প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর ক্যালকাটা কাস্টমসকে উড়িয়ে দুরন্তভাবে প্রতিযোগিতা শুরু করেছিল ইস্টবেঙ্গল। এরপর পাঞ্জাব এফসির বিরুদ্ধে হারলেও দ্বিতীয় সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলে উড়িয়ে ফের শিল্ডের ফাইনালে জায়গা করে নেয় লাল-হলুদ শিবির।

Subhasis vs Bipin
Subhasis vs Bipin

শিল্ডে দুই দলের পরিসংখ্যান

শিল্ডের পরিসংখ্যানের দিক থেকেও অনেকটাই এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। দুই দলের সাক্ষাতে ইস্টবেঙ্গল জয়ী হয়েছে ৪২ বার, অন্যদিকে মোহনবাগান জিতেছে ২১ বার। শিল্ড ট্রফি জয়ের পরিসংখ্যানেও এগিয়ে লাল-হলুদ। ২৯ বার শিল্ডের ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল, সেখানে ২১ বার জয়ী হয়েছে মোহনবাগান।

পরিসংখ্যানের দিক থেকে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও বড় ম্যাচের ক্ষেত্রে পরিসংখ্যানের হিসাব বেশিরভাগ সময়ই মেলে না। তাই শেষ পর্যন্ত যে দল নিজেদের সেরাটা দিতে পারবে, তারাই ঘরে তুলবে শিল্ড। ইস্টবেঙ্গল ‘তিনে তিন’ করে ইতিহাস সৃষ্টি করবে, নাকি মোহনবাগান পরপর দু’বার ট্রফি জিতবে—সেই নিয়েই এখন ফুটবলপ্রেমীদের মধ্যে তর্ক-বিতর্ক তুঙ্গে।

Soham Mullick
Soham Mullick

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।