Bengal Liberty : দেশের জনশুমারি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করতে শনিবার থেকে শুরু হল বহু প্রতীক্ষিত জনগণনা (Census 2027)। এবার প্রথমবারের মতো সাধারণ মানুষ ঘরে বসেই নিজের তথ্য নিজে নথিভুক্ত করার সুযোগ পাচ্ছেন। ‘সেল্ফ-এনিউমারেশন’ বা স্ব-শুমারি ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট পোর্টালে লগ-ইন করে নাগরিকরা নিজেদের ও পরিবারের প্রাথমিক তথ্য জমা দিতে পারবেন। আগামী ১৫ অগস্ট পর্যন্ত চলবে এই অনলাইন পর্ব। এরপর ১৬ অগস্ট থেকে শুরু হবে মাঠপর্যায়ের গণনা বা ‘ফিল্ড-এনিউমারেশন’, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত (Census 2027)।

অনলাইনে কীভাবে হবে স্ব-শুমারি? (Census 2027)
স্ব-শুমারির জন্য নাগরিকদের জনগণনা সংক্রান্ত পোর্টাল, https://se.census.gov.in-এ লগ-ইন করতে হবে। প্রথম ধাপে রাজ্যের নাম, পরিবারের কর্তা বা কর্ত্রীর নাম, মোবাইল নম্বর এবং ই-মেল আইডি জমা দিতে হবে। এরপর পছন্দের ভাষা নির্বাচন করতে হবে। রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি যাচাইয়ের পর ধাপে ধাপে জেলা, পিন নম্বর, গ্রাম বা শহরের নামসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর মানচিত্রে নিজের বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করতে হবে। তারপর হাউস লিস্টিং সংক্রান্ত তথ্য পূরণ করে আবেদনকারী একটি প্রিভিউ স্ক্রিনে সব তথ্য মিলিয়ে দেখে নিতে পারবেন। সমস্ত তথ্য সঠিক থাকলে ‘ফাইনাল সাবমিট’ করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আবেদন শেষে একটি ইউনিক আইডি দেওয়া হবে, যা ভবিষ্যতের প্রয়োজনে সংরক্ষণ করে রাখতে হবে।

কলকাতায় পড়ুয়াদেরও যুক্ত করার পরিকল্পনা (Census 2027)
জনশুমারি সফল করতে কলকাতা পুর প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। সরকারি ও বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এই কাজে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। লক্ষ্য, একজন পড়ুয়া যেন অন্তত দশটি পরিবারকে মোবাইল অ্যাপের মাধ্যমে জনগণনার আওতায় আনতে সাহায্য করেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে জানান, বর্তমানে মোবাইল অ্যাপ ব্যবহারে পড়ুয়ারা যথেষ্ট দক্ষ। সেই দক্ষতাকেই কাজে লাগিয়ে জনশুমারির কাজ আরও নির্ভুল ও দ্রুত সম্পন্ন করার আশা করছে পুর প্রশাসন।
আরও খবর

এদিকে, পুরকর্মীদেরও এই কাজে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে ১ অগস্ট থেকেই কলকাতার প্রতিটি বরো অফিসে পাঁচটি করে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের পৃথক দল উপস্থিত থেকে নাগরিকদের স্ব-শুমারি সংক্রান্ত যাবতীয় সহায়তা করবেন।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/01/west-bengal-census/


