Bengal Liberty
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে(ABVP On Jadavpur)একের পর এক বিতর্কের মধ্যেই এবার সরাসরি রাজ্যপালের দ্বারস্থ হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলির নিরপেক্ষ তদন্ত থেকে শুরু করে পিএইচডি ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ, একাধিক বিষয় নিয়ে লোকভবনে গিয়ে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আর এন রবির কাছে লিখিত স্মারকলিপি জমা দিল ABVP।

এভিবিপির দাবি (ABVP On Jadavpur)
এবিভিপির অভিযোগ, যাদবপুরের সাম্প্রতিক ঘটনাগুলি শুধু ছাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা, ভর্তি প্রক্রিয়া এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে। বিশেষ করে পিএইচডি ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে যে অডিও সামনে এসেছে, তার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এবিভিপি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানানো হয়েছে।

সেই সঙ্গে দুর্নীতির কিনারা করতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা। পাশাপাশি যাদবপুরে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ এবং তার পরবর্তী পরিস্থিতিরও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে কথিত দেশবিরোধী গতিবিধির অভিযোগ এবং ঐতিহ্যবাহী ফলক ভাঙার ঘটনায় অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবিও স্মারকলিপিতে রাখা হয়েছে বলে এবিভিপি সূত্রে জানা গিয়েছে।
আরও খবর
স্বচ্ছতা নিশ্চিত করার দাবি(ABVP On Jadavpur)
প্রতিনিধিদলে ছিলেন এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা রক্ষায় প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি।” পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তাদের। এদিকে যাদবপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের তরফেও বার্তা দেওয়া হয়েছে। ফলে একদিকে সরকারের নজরদারি ও পরিবর্তনের বার্তা, অন্যদিকে একাধিক অভিযোগের তদন্তের দাবিতে এবিভিপির রাজ্যপালের দ্বারস্থ হওয়া। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক চাপানউতোর আরও বাড়ল।



