Bengal Liberty:
দেবরাজ চক্রবর্তীকে নিয়ে বারাসাত আদালত চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হল (Debraj Chakraborty) । তদন্তকারী পুলিশের গাড়িতে করে তাঁকে আদালতে আনা মাত্রই নিরাপত্তা বলয় ভেদ করে গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। আচমকা এই ঘটনায় আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারের পর আদালতে তোলা হবে এই খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার দুপুর থেকেই বারাসাত আদালত চত্বরে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থক, আইনজীবী এবং বহু সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং আদালত চত্বর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

কড়া নিরাপত্তায় আদালতে দেবরাজ Debraj Chakraborty
তবে এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন একাংশ আইনজীবী। তাঁদের অভিযোগ, অতীতে বহু অভিযুক্তকে আদালতে আনা হলেও এত কড়া নিরাপত্তা কখনও দেখা যায়নি। তাঁদের প্রশ্ন, দেবরাজ চক্রবর্তীর ক্ষেত্রেই কেন এমন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হল! এদিন আদালত চত্বরে উপস্থিত বহু মানুষও দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি, টাকা আদায় এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে গাড়ি থেকে নামিয়ে দেবরাজ চক্রবর্তীকে আদালতের লকআপে নিয়ে যাওয়া হয়। মাথায় কালো ক্যাপ(টুপি) পরে থাকা দেবরাজকে এদিন কোনও প্রশ্নের উত্তর দিতে দেখা যায়নি। কোনও প্রতিক্রিয়া না জানিয়েই তিনি নীরবে একপ্রকার দৌড়ে কোর্ট লকআপে প্রবেশ করেন।

এদিকে, আদালত তাঁর বিরুদ্ধে কী নির্দেশ দেয়, তা জানার অপেক্ষায় আদালত চত্বরের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বহু মানুষ। উল্লেখ্য, দেবরাজ চক্রবর্তী প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অদিতি মুন্সি বিধায়ক থাকাকালীন সময়ে দেবরাজও এলাকায় যথেষ্ট প্রভাব খাটাতেন। এখন আদালত কত দিনের পুলিশি হেফাজত দেয় ও তদন্তে নতুন কি উঠে আসে সেদিকেই তাকিয়ে সকলে।


