Bengal Liberty
বারাকপুর আদালতে স্বস্তি পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের। ‘অভয়া’ মামলায় জামিন পেলেন তিনি (Nirmal Ghosh)। দীর্ঘ সওয়াল-জবাবের পর সোমবার বারাকপুর আদালতের এসিজেএম নির্মলের জামিন মঞ্জুর করেন। তবে অভয়ার মামলায় জামিন মিললেও এখনই জেল থেকে বেরতে পারছেন না নির্মল। অন্য দুই মামলায় জেল হেফাজতে থাকার নির্দেশ থাকায় আপাতত তাঁকে গারদের ওপারেই থাকতে হবে।

ফের পুলিশি হেফাজতের আর্জি খারিজ Nirmal Ghosh
অভয়া মামলায় গ্রেফতারের পর নির্মল ঘোষকে ১৫ দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। এরপর আরও দু’দিনের হেফাজত শেষে এদিন তাঁকে বারাকপুর আদালতে পেশ করা হয়। ফের নির্মলকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় তদন্তকারী সংস্থা। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক। এরপর দীর্ঘ সওয়াল-জবাবের পর অভয়া মামলায় নির্মল ঘোষের জামিন মঞ্জুর করে আদালত।
আরও খবর

জামিন পেলেন সঞ্জীবও, তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা
অভয়ার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায় ওরফে ‘কাকু’-কেও পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। কিন্তু সেই আবেদনও খারিজ করে তাঁকে জামিন দেন বিচারক। এই মামলার তদন্তকারী অফিসারকে এদিন ভর্ৎসনাও করেন বিচারক।

অন্য মামলায় জেলেই থাকতে হবে নির্মলকে
তবে অভয়া মামলায় জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না নির্মল ঘোষের। তাঁর বিরুদ্ধে তোলাবাজি এবং লটারি সংক্রান্ত পৃথক মামলা রয়েছে। সেই দুই মামলায় ইতিমধ্যেই যথাক্রমে ৭ ও ১১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ রয়েছে। ফলে ওই দুই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে পানিহাটির প্রাক্তন বিধায়ককে।


