Bengal Liberty : ২০২৩ সালের রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলা-সহ একাধিক এলাকায় অশান্তির ঘটনায় প্রথম চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (Ram Navami 2023)। বিচার ভবনের বিশেষ আদালতে মোট ৯জনের বিরুদ্ধে ৩৩ পাতার চার্জশিট জমা দিয়েছে এনআইএ। বেআইনি ভাবে জমায়েত, অশান্তি সৃষ্টি এবং কর্তব্যরত সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। চার্জশিটে ৫২ জন সাক্ষীর বয়ানও উল্লেখ করা হয়েছে (Ram Navami 2023)।

হাই কোর্টের নির্দেশে শুরু NIA তদন্ত (Ram Navami 2023)
২০২৩ সালের ৩০ মার্চ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটে। পরিস্থিতি ঘিরে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৎকালীন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে ২০২৩ সালের ২৭ এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রামনবমী হিংসার তদন্ত এনআইএ-কে দেওয়ার নির্দেশ দেয়। হাই কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, দু’সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত সমস্ত নথি রাজ্যকে এনআইএ-র হাতে তুলে দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তবে হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে রাজ্যের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। এরপরই রামনবমী হিংসা সংক্রান্ত ছ’টি মামলার তদন্ত শুরু করে এনআইএ।

৯ জনের বিরুদ্ধে চার্জশিট (Ram Navami 2023)
তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালে উত্তর দিনাজপুরে ১৬ জনকে গ্রেফতার করে এনআইএ। তদন্তকারীদের সূত্রে জানা যায়, ডালখোলার তাজামুল চকে গোষ্ঠীহিংসার ঘটনায় রাজ্য পুলিশের কাছে মোট ১৬২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। হিংসার ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে ১৬ জনকে চিহ্নিত করা হয়। ধৃত প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে হিংসার ষড়যন্ত্র এবং হামলায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এ বার সেই তদন্তেরই অগ্রগতিতে ন’জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনআইএ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৫২, ১৮৬, ৩২৩, ৩৩২-সহ একাধিক ধারায় মামলা রয়েছে। বেআইনি জমায়েত থেকে শুরু করে সরকারি কাজে বাধা এবং কর্তব্যরত আধিকারিকদের উপর হামলার মতো অভিযোগের উল্লেখ রয়েছে চার্জশিটে। ৩৩ পাতার ওই নথিতে ৫২ জন সাক্ষীর বয়ান তুলে ধরা হয়েছে।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/09/01/jalpaiguri-circuit-bench/


