Bengal Liberty:
বালি সিন্ডিকেট পরিচালনা, গাড়ি চলাচল নিয়ন্ত্রণ এবং ‘নিজেদের লোক’ দিয়ে গোটা ব্যবস্থা চালানোর পরিকল্পনা—এমনই বিস্ফোরক কথোপকথনের একটি অডিও সামনে এনে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। কয়েক দিন আগেই ‘ডিমের বদলে আগ্নেয়াস্ত্র’ রাখার পরামর্শ দেওয়া এক সাংসদের মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই ঋতব্রতের দাবি, এবার সামনে আসা অডিওতে কথিত বালি সিন্ডিকেটের সঙ্গে এক প্রভাবশালী তৃণমূল সাংসদের যোগাযোগের ইঙ্গিত মিলছে। বিরোধী দলনেতার দাবি, এই অডিও ইতিমধ্যেই ভবানী ভবনে গিয়ে সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, ইডি, সিবিআই এবং লোকসভার স্পিকারকেও অডিওটি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এখন প্রশ্ন, এই অডিওতে কী আছে?(Ritabrata Banerjee)
আরও খবর
সাংবাদিকদের সামনে ওই অডিও রেকর্ড শুনিয়েছেন ঋতব্রত। তাঁর বক্তব্য অনুযায়ী, কথোপকথনে দুর্গাপুর এলাকায় বালি সিন্ডিকেট কীভাবে পরিচালিত হবে, কোন গাড়ি চলবে, কোথায় ‘চেকিং’ হবে এবং কীভাবে স্থানীয়ভাবে একটি নির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলা হবে—সেই সংক্রান্ত একাধিক কথা শোনা যাচ্ছে। এমনকি সিন্ডিকেটের ‘ভাগ-বাটোয়ারা’ এবং বিভিন্ন ব্যক্তির উপর চাপ তৈরি করার প্রসঙ্গও রয়েছে বলে দাবি বিরোধী দলনেতার।
কারা কথা বলছেন অডিওতে?(Ritabrata Banerjee)
অডিওতে কারা কথা বলছেন, সে বিষয়ে ঋতব্রত কোনও ব্যক্তির নাম সরাসরি বলেননি। তবে এক অবাঙালি কালীঘাট-ঘনিষ্ঠ তৃণমূল সাংসদের দিকে ইঙ্গিত করেছেন তিনি। তাঁর দাবি, কণ্ঠস্বরটি পরিচিত বলে মনে হলেও চূড়ান্ত সত্য জানতে ফরেনসিক পরীক্ষা প্রয়োজন। সিআইডি, ইডি বা সিবিআই চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়েস স্যাম্পল নিয়ে অডিওর কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখতে পারে বলেও জানিয়েছেন তিনি।
বিরোধী দলনেতার অভিযোগ, অডিওটি ২০২৪ সালের। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরা নেতাদের আড়ালেও যদি এ ধরনের সিন্ডিকেট-রাজ চলতে থাকে, তাহলে তার তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর দাবি, অডিওতে বারবার শোনা যাচ্ছে, ‘আমার নাম যেন না আসে।’ প্রশ্ন উঠছে, কেন নিজের নাম সামনে না আসার কথা বলছেন ওই ব্যক্তি?

বালিঘাটের নিয়ন্ত্রণ(Ritabrata Banerjee)
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বালিঘাট কীভাবে চলবে, কোন গাড়ি চলবে, কারা কাজ করবে এবং কীভাবে গোটা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হবে—সেই সংক্রান্ত কথোপকথন রয়েছে অডিওতে। একইসঙ্গে তাঁর প্রশ্ন, দুই বর্ধমান, বিশেষ করে দুর্গাপুরের মানুষের দীর্ঘদিনের অভিযোগে যে বালি সিন্ডিকেট বা বালি মাফিয়া চক্রের কথা উঠে আসে, তার নেপথ্যে আসলে কারা রয়েছেন?
নাম না করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বারবার যে সাংসদের দিকে ইঙ্গিত করেছেন, সেই অভিযোগ সত্যি প্রমাণিত হলে ওই নেতার সাংসদ পদ নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
কালো ইতিহাস (Ritabrata Banerjee)
দুর্গাপুর এলাকায় বালি সিন্ডিকেট নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। সেই আবহে বিরোধী দলনেতার এই দাবিকে ঘিরে এখন রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি তদন্তের দাবিও জোরালো হচ্ছে। অডিওতে থাকা কণ্ঠস্বর কার, কথোপকথনটি সত্যি কি না—তা যাচাই করার পাশাপাশি এবার শিল্পনগরীর কথিত সিন্ডিকেট-রাজের ‘কালো ইতিহাস’ সামনে আনার দাবিও আরও জোরালো হচ্ছে।


